নিজস্ব প্রতিবেদক।।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা কেন্দ্রগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার আসন নির্ধারণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আরো কিছুদিন দেরি হলেও বিসিএস পরীক্ষা শুরু হলে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সুত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিপিই’র মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, পরীক্ষা আয়োজনে কারিগরি প্রস্তুতি শেষ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লিখিত পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ পরীক্ষা শুরু করা হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলে নিয়োগ পরীক্ষা নিতে আর সমস্যা থাকবে না। যদি সেটি আরো পিছিয়ে যায় তবে, আমরা পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করবো। তারা যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা আয়োজন করবে সেখানে ধাপে ধাপে প্রাথমিকের নিয়োগ পরীক্ষার আসন নির্বাচন করা হবে।
মহাপরিচালক আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় কিছু প্রতিষ্ঠান নিয়োগ পরীক্ষা শুরু করলেও আমাদের সাড়ে ১৩ লাখ প্রার্থীর পরীক্ষা নেয়া কঠিন বিষয় হয়ে পড়েছে। এজন্য আমরা পিএসসি’র পরীক্ষার জন্য অপেক্ষা করছি। তাদের পরীক্ষা শুরু হলে প্রাথমিকের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
