অ্যাম্বুলেন্সকে আগে যেতে দিন

নিউজ ডেস্ক।।

শহরাঞ্চলে যানজট নতুন কিছু নয়। অসহনীয় যানজট নগরবাসীর জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে, সেইসঙ্গে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শুধু তাই নয়, সংকটাপন্ন রোগীদের দ্রুত চিকিত্সা দিতে হাসপাতালে নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা মাত্রাতিরিক্ত যানজট।

তীব্র যানজটের ফলে অনেক সময় রোগীর পরিবারের ফোন পেয়ে অ্যাম্বুলেন্স চালকদের ঠিকানা অনুযায়ী দ্রুত গন্তব্যে পৌঁছাতেও ভোগান্তিতে পড়তে হয়। যানজটের কারণে যথাসময়ে রোগীকে হাসপাতালে নিতে না পারায় অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যায় অনেক রোগী। যদিও রাস্তায় অন্য যানবাহনের মধ্যে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু ট্রাফিক সিগন্যালের মাঝখানে পড়া অনেক অ্যাম্বুলেন্স সাইরেন বাজালেও কাজ হয় না।

রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে থাকার পেছনে বিশেষ কারণও পরিলক্ষিত হয়। অ্যাম্বুলেন্সে রোগী না থাকলেও অনেক সময় ড্রাইভাররা সামান্য জ্যাম হলেও দ্রুত যেতে সাইরেন বাজাতে থাকে, যা যাত্রাপথে অন্য গাড়িচালকদের কর্ণগোচর হয়; অনেক সময় অ্যাম্বুলেন্সে রোগী থাকা সত্ত্বেও অন্যান্য গাড়ি অ্যাম্বুলেন্সকে সাইড দেয় না।

এক্ষেত্রে যানবাহন চালকদের দায়িত্ববোধের ঘাটতি সড়কে অ্যাম্বুলেন্স আটকে থাকার পেছনে বিশেষভাবে দায়ী। এছাড়া যানজট এড়াতে অ্যাম্বুলেন্সের জন্য নেই বিশেষ কোনো লেন। তাই যানজট নিরসন ও অ্যাম্বুলেন্স চলাচলে বিশেষ লেন তৈরির পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করি।

আরিফুল ইসলাম

শিক্ষার্থী, চট্টগ্রাম বন্দর কলেজ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.