ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হওয়ায় চাকরি হারালেন সার্জেন্ট আতাউর

ঢাকা মহানগরের পল্লবী থানার এক পুলিশ সদস্যকে মাদকসেবনের দায়ে চাকরিচ্যুত করার পর ডোপ টেস্টে (মাদক পরীক্ষা) চাকরি হারালেন নওগাঁয় কর্মরত সার্জেন্ট আতাউর রহমান।

মঙ্গলবার তাকে চাকরিচ্যুত করা হয় বলে জানা গেছে। ডোপ টেস্টে জেলায় তিনিই প্রথম পজিটিভ কর্মকর্তা হিসেবে চাকরি হারালেন।

এর আগে ঢাকা মহানগরের পল্লবী থানার এক পুলিশ সদস্যকে মাদকসেবনের দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। মঙ্গলবার দিনভর পল্লবী থানায় এ নিয়ে বেশ আলোচনা ছিল। চাকরিচ্যুত ওই পুলিশ সদস্যের নাম আরিফ হোসেন মল্লিক। তিনি পল্লবী থানায় এসআই পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, ৩১ আগস্ট সার্জেন্ট আতাউর রহমানের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। মঙ্গলবার তাকে চাকরিচ্যুত করা হয়।

সরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এখন ডোপ (মাদকদ্রব্য) টেস্টও শুরু হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ যদি মাদকসেবন করে থাকে এজন্য আমরা নিয়মিত ডোপ টেস্ট করে থাকি। এ পর্যন্ত ডোপ টেস্টে একজনের পজিটিভ এসেছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। প্রায় তিন মাস আগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.