ক্রীড়া ডেস্ক।।
ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটে অবনমন ঘটেছে বাংলাদেশের। টাইগাররা এখন অবস্থান করছে মাত্র চার টেস্ট খেলা আফগানিস্তানের নিচে।
বুধবার (৬ জানুয়ারি) আইসিসির হালনাগাদ টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে দশে নেমে গেছে বাংলাদেশ। আর নয়ে উঠে এসেছে আফগানিস্তান। বাংলাদেশের রেটিং পয়েন্ট যেখানে ৫৫, আফগানদের সেখানে ৫৭ পয়েন্ট।
দুই ধাপ এগিয়ে ১১ থেকে ৯-এ এসেছেন রশিদ খানরা। তাদের রেটিং পয়েন্ট ৫৭। আর ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের আগমন ঘটে বাংলাদেশের প্রায় প্রায় ১৭ বছর পরে। ভারতের বিপক্ষে ২০১৮ সালের জুনে অভিষেক টেস্ট খেলা দলটি এখন পর্যন্ত খেলে মাত্র চারটি ম্যাচ। তার মধ্যে দুটিতে জয় দুটিতে হার। টাইগারদের বিপক্ষে একমাত্র ম্যাচেও দলটিতে জেতে ২২৪ রান।
অন্যদিকে ২০০১ সালে অভিষেক টেস্ট খেলা বাংলাদেশ এখন পর্যন্ত ম্যাচ খেলে ১১৯টি। তার মধ্যে হার ৮৯টি। ড্র ১৬টি আর জয় মাত্র ১৪টিতে। হার-জিতের ছোট এই পরিসংখ্যানে বোঝা যায় সাদাপোশাকে কতটা অসহায় মুমিনুল-মুশফিকরা।
সময়ের সঙ্গে পারফরম্যান্সে আসার কথা পরিবর্তন। কিন্তু টেস্ট ক্রিকেটে হচ্ছে যেনো এর উল্টোটা। রঙিন পোশাকে যতটা উজ্জ্বল দেখা যায় সাদা পোশাকে ততটাই ধূসর’। গত দুই বছরে ৭টি ম্যাচের মধ্যে বাংলাদেশ ইনিংস ব্যবধানেই হারে পাঁচটি ম্যাচে।
তবে টাইগারদের সামনে আফগানিস্তানকে আবার পেছনে ফেলার সুযোগ আছে। ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেলে আবারো এগিয়ে যাবে বাংলাদেশ। তখন রেটিং পয়েন্ট দাঁড়াবে ৬৬। সময় বলে দেবে মুমিনুলরা আবার পেছনে ফেলতে পারবেন কী না আফগানদের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
