নিজস্ব প্রতিবেদক।।
আগামী জানুয়ারিতে ভারতে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। রবিবার সংবাদমাধ্যম এএনআই–কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, জানুয়ারির যে কোনও সপ্তাহে, আমরা ভারতে টিকাদান কর্মসূচি চালুর মতো অবস্থায় থাকবো।’
হর্ষ বর্ধন জানান, জরুরিভিত্তিক ব্যবহারের জন্য তিনটি টিকা উৎপাদক সংস্থা কেন্দ্রের কাছে আবেদন করেছে। তাদের আবেদন বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, ‘কোভিড–১৯ টিকা নিয়ে গবেষণার ক্ষেত্রে কোনও দেশ থেকে কম যায় না ভারত। টিকার সুরক্ষা ও কার্যকারিতাকেই অগ্রাধিকার দিচ্ছি আমরা। এ নিয়ে আপোস করতে চাই না।’
হর্ষ বর্ধন বলেন, আমাদের দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা এই টিকা নিয়ে লাগাতার গবেষণা করে চলেছেন। আগামী ছয় থেকে সাত মাসে দেশের ৩০ কোটি মানুষ টিকা পাবেন বলে আশা হর্ষ বর্ধনের।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন মোট ছয়টি সংস্থার টিকার ট্রায়াল চলছে বা শেষ হয়েছে। সূত্র: আজকাল আইএন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
