রায়ের কপির জন্য যেন ঘুরতে না হয়: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক।।

মামলার রায়ের পর যাতে বিচারপ্রার্থীদের আদালতের বারান্দায় ঘুরতে না হয়, সেদিকে নজর দিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার সুপ্রীম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় রাষ্ট্রপতি এ কথা বলেন।

নিজের আইন পেশার অভিজ্ঞতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, আমি নিজে একজন আইনজীবী হিসেবে জানি বিচার কাজ কত কঠিন ও জটিল। বিচার কার্যক্রম পরিচালনায় একজন বিচারককে কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু তারপরও আমি বলব, মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে, সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদের আরো বেশি কাজ করতে হবে।

সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কিন্তু বিচারকদের খেয়াল রাখতে হবে, মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাঘুরি করতে না হয়।

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের উচ্চ আদালত। সেদিন সরকারি ছুটি ছিল বলে আদালতের প্রথম কার্যক্রম বসে ১৮ ডিসেম্বর। ২০১৭ সালে প্রতি বছরের ১৮ ডিসেম্বর সুপ্রীম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয় সুপ্রীম কোর্ট প্রশাসন। সুপ্রীম কোর্ট অডিটরিয়ামে শুক্রবার সেই অনুষ্ঠানেরই আয়োজন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.