এইমাত্র পাওয়া

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দল অংশগ্রহণ করবে না

করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

অন্যদিকে সাদা দলের সংবাদ সম্মেলনের পর এক প্রশ্নের জবাবে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস ছামাদ ইত্তেফাককে বলেন, নীলদল নির্বাচনে যাবেই। নীলদল দেশের প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজন এবং সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে নির্বাচনে যাবে। নীলদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। সুতরাং নীলদল নির্বাচনে যাবে এটাই স্বাভাবিক। নীলদল এমন দেউলিয়া হয়ে যায় নাই যে নির্বাচনে যাবে না। তারা নির্বাচন করতে চাইলে করবেন, না চাইলে করবেন না, এটা তাদের অধিকার। এ নিয়ে আমাদের বা অন্য কারো বলার কিছু নেই।

সাদা দলের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঁচ কারণ উল্লেখ করে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতির মধ্যে শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে আসলে তাদেরও আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। নিজেদের নিরাপদ রাখতে অনেক শিক্ষক ভোট প্রদান করতে আসবেন না। এ ধরনের ঘটনায় প্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক অধিকার থেকে তাদের বিতাড়িত করা হবে বলে মনে করে সাদা দল।

‘তাছাড়া, গত মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কাজ বন্ধ থাকায় শিক্ষক সমিতির নির্বাচন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মনে আমাদের সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফাইনান্স কমিটি এবং অনুষদসমূহের ডিনদের মেয়াদকাল অনেক আগেই অতিবাহিত হলেও তাদের নির্বাচন হয়নি। সেখানে শিক্ষক সমিতির এ নির্বাচন আয়োজন কোনোভাবেই যৌক্তিক নয়। তাছাড়া দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ডাকসুর মেয়াদকাল শেষ হওয়ায় ইতোমধ্যে তা বাতিল করা হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে সে নির্বাচনও আয়োজন করা যাচ্ছে না।’

তিনি বলেন, সাদা দল গণতন্ত্রে বিশ্বাসী এবং বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচনে অতীতে অংশ নিয়েছে এবং আগামীতেও সকল নির্বাচনে অংশ নিতে বদ্ধপরিকর। তবে বর্তমান পরিস্থিতিতে উপযুক্ত কারণসমূহের পরিপ্রেক্ষিতে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেয়া থেকে সাদা দল বিরত থাকবে। তবে আমরা এখনো আশাবাদী যে, আমাদের বর্ণিত কারণসমূহ বিশেষ করে সম্মানিত শিক্ষকদের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ৩০ ডিসেম্বরের নির্বাচন স্থগিত করা হবে।

নীল দলের প্রার্থী যারা:

এদিকে নীল দল নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। নীল দলের প্যানেলের ১৫টি পদে এক সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতি পদে আইন অনুষদের ডিন অধ্যাপক রহমত উল্লাহ সভাপতি ও সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিজামুল হক ভুঁইয়া সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পান।

মনোনয়নপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছে এ ছাড়া সমিতির সহসভাপতি পদে অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রহিম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. আকরাম হোসেন ও সদস্য পদে অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মঈন, ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ, অংকন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক নিসার হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.