এইমাত্র পাওয়া

ময়মনসিংহের দুই সহোদর ২ জেলার ডিসি

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দুই ভাই জেলা প্রশাসক (ডিসি) হয়েছেন। তারা হলেন- হবিগঞ্জের ডিসি মোহাম্মদ কামরুল হাসান এবং লক্ষ্মীপুরের ডিসি হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মো. আনোয়ার হোছাইন আকন্দ।

এর আগে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে বিসিএস প্রশাসন ক্যাডারে উপসচিব পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে পদায়ন করে। এর মধ্যে রয়েছেন আনোয়ার হোছাইন আকন্দ।

জানা যায়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব থেকে পদোন্নতি পেয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস-২২ ব্যাচের কর্মকর্তা আনোয়ার হোছাইন।

অন্যদিকে, বিসিএস-২১ ব্যাচের কর্মকর্তা হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তারা দুই জন আপন ভাই। ছোট ভাইয়ের জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপন দুই ভাই দুই জেলার ডিসি হিসেবে নিয়োগ পেলেন। তারা ময়মনসিংহ সদরের বাসিন্দা।

জানা গেছে, এই দুই ডিসির বাবার নাম কাশেম আলী। প্রথম জীবনে শিক্ষক থাকলেও পরবর্তীতে রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন তিনি। তাদের মায়ের নাম সাজেদা খাতুন (রত্নগর্ভা)।

কামরুল হাসানরা পাঁচ ভাই ও চার বোন। তাদের মধ্যে ৬ জনই পড়াশোনা করেছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা চার ভাই-বোনই সরকারি কর্মকর্তা তথা বিসিএস ক্যাডার।

তাদের আরেক ভাই রাজধানীর নিউরো সায়েন্স ইন্সটিটিউটের সহকারী রেজিস্ট্রার। তিনি বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা। এক বোন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) দায়িত্ব পালন করছেন। তিনি বিসিএস ৩১তম ব্যাচের কর্মকর্তা।

হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান জানিয়েছেন, তাদের ভাই-বোনদের মধ্যে আরো দুই জন বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.