নিউজ ডেস্ক।।
রাজধানীর পল্লবীতে পুলিশের এক সার্জেন্টকে তল্লাশি করতে গিয়ে ফেঁসে গেছেন মো. আকবর হোসেন বাবু নামের এক ভুয়া পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে পল্লবীর সেকশন-১০-এর এ-ব্লক এলাকায় মসজিদ-ই-বাইতুল মামুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গতকাল বুধবার পল্লবী থানায় মামলা করেছেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (মুক্তাগাছা, ময়মনসিংহ) কর্মরত ভুক্তভোগী সার্জেন্ট মো. মনিরুল হাসান।
মো. মনিরুল হাসান জানান, কর্মস্থল থেকে সাত দিনের ছুটি নিয়ে গত রোববার পল্লবীর ১২ নম্বর সেকশন এলাকার বাসায় যান তিনি। গত মঙ্গলবার রাতে মিরপুর-১০ শাহ্ আলী মার্কেটে কেনাকাটা শেষে রিকশাযোগে বাসায় ফিরছিলেন মনিরুল। মঙ্গলবার রাত ১২টার দিকে পল্লবীর ১০ নম্বর সেকশন এলাকায় মসজিদ-ই-বাইতুল মামুর জামে মসজিদের সামনে আসতেই আকবর হোসেন তার রিকশা থামিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেন এবং সার্জেন্টকে জোর করে রিকশা থেকে নামিয়ে দেহ তল্লাশি করার চেষ্টা করেন।
এ সময় সার্জেন্ট মনিরুল হাসান নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তার পরিচয়পত্র দেখান এবং আকবরের পরিচয়পত্র দেখতে চান। পরে বেগতিক অবস্থার মধ্যে পড়ে পালানোর চেষ্টা করেন আকবর। এ সময় আশপাশের লোকজনের সাহায্যে দৌড়ে তাকে ধরে ফেলেন সার্জেন্ট মনিরুল হাসান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পল্লবী থানা পুলিশকে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে পল্লবী তানা পুলিশ আকবর হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
সার্জেন্ট মনিরুল বলেন, ‘প্রায়ই পুলিশের পরিচয় দিয়ে কিছু অপরাধী বিভিন্ন অপরাধ করছে। সাদা পোশাকে গতিরোধ করে পুলিশ পরিচয়ে কোনো পুলিশ তল্লাশি করার কথা না। বিষয়টি চিন্তা করে ওই প্রতারকের কাছে পুলিশের আইডি কার্ড চাইতেই দৌড়ে পালানোর চেষ্টা করেন।’
তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েও অনেক সময় পুলিশ ভেবে বিষয়গুলো চেপে যায়। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। পুলিশ পরিচয়দানকারী প্রতারকদের বিষয়ে সকলকেই সচেতন থাকতে হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
