পদ্মা সেতুর রং ধূসর কেন?

নিউজ ডেস্ক।।

শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার মূলক প্রকল্পের একটি হলো পদ্মা সেতু। যার সর্বশেষ স্প্যানটি ১০ ডিসেম্বর, বসানো হয়। এর মধ্যে দিয়ে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের মানুষের সঙ্গে রাজধানী ঢাকার সঙ্গে সংযোগ ঘটে। তবে লক্ষণীয় বিষয় হলো স্প্যানসহ পদ্মা সেতুর মূলকাঠামো ধূসর রঙের।

এতে করে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই সেতুটির রং হিসেবে ধূসরকে বেছে নেয়ার কারণ কী?

পদ্মা সেতুর সঙ্গে দেশের লাখো মানুষের আবেগ জড়িয়ে আছে। কারিগরি দিকসহ নানা কারণে বিশ্বের মধ্যে অনন্য বাংলাদেশের এই সেতুটি। তাই উদ্বোধনকালে সেতুকে ঘিরে আলোকসজ্জার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

নাম প্রকাশে অনিচ্ছুক সেতু বিভাগের একজন কর্মকর্তা জানান, ধূসর রঙের মধ্যে আলো ফেললে বেশি ফুটে উঠবে। এ জন্যই এই রং বাছাই করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি এই রং সরবরাহ করছে। এই রং ২৫ বছর স্থায়ী হবে বলেও নিশ্চয়তা দিয়েছে ওই কোম্পানিটি।

পদ্মা সেতুর এখনো কিছু কাজ বাকি রয়েছে। যেমন- রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, সুপার-টি গার্ডার বসানো। স্ল্যাবের ওপর পিচ ঢালাইয়ের কাজ, আলোকসজ্জা, ল্যাম্পপোস্ট বসানোর কাজও বাকি আছে। এতে করে যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করতে আরো এক বছর লাগতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে প্রকল্পটি। বর্তমানে প্রকল্পের অগ্রগতি ৯০ দশমিক ৫০ ভাগ ও আর্থিক অগ্রগতি ৮৮ দশমিক ০৩ ভাগ। নদীশাসন কাজের অগ্রগতি ৭৫ ভাগ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালের জুন মাসের পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হবে এই পদ্মা সেতু।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.