নিউজ ডেস্ক।।
ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তিতে আশার আলো দেখা দিয়েছে। জানা যায়, তাদের এমপিওভুক্ত করা হতে পারে।
সোমবার এমপিও নীতিমালা সংশোধন কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন গণমাধ্যমকে এসব তথ্য জানান।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুসারে ডিগ্রি স্তরে তিনজন শিক্ষক নিয়োগ পেলেও প্রচলিতভাবে এ স্তরের দুইজন শিক্ষক এমপিওভুক্ত করা হয়। তাই, একজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারছিলেন না। দীর্ঘদিন ধরে এমপিও বঞ্চিত এ শিক্ষকরা ডিগ্রি তৃতীয় শিক্ষক হিসেবে পরিচিত।
গত সপ্তাহে ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি ও স্কুল কলেজের এমপিও নীতিমালার সংশোধনীতে ডিগ্রি স্তরে এমপিও প্রাপ্য শিক্ষক সংখ্যায় সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়। এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা শুরু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়কে ডিগ্রি পর্যায়ের কতজন শিক্ষক নিয়োগ পেতে পারেন তা নির্ধারণ করতে বলা হয়েছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পর্যায়ে তিনজন শিক্ষক নিয়োগ করার বিষয়ে মতামত দিয়েছে। সে প্রেক্ষিতে নতুন এমপিও নীতিমালায় ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত হওয়ার সুযোগ দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
এ বিষয়ে মোমিনুর রশিদ আমিন বলেন, ‘ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। তারা দীর্ঘদিন এমপিওভুক্ত হতে পারছিলেন না। আমরা তাদের বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করেছি। তাদের এমপিওভুক্ত করা হতে পারে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
