এইমাত্র পাওয়া

শনিবার থেকে করোনা শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শনিবার শুরু হচ্ছে। প্রাথমিকভাবে দেশের ১০ জেলায় এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে আওতা বাড়ানো হবে।

অ্যাটিজেন পরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সংশ্লিষ্ট চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্টসহ প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন যার যার দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে যোগদান করেন।

প্রাথমিকভাবে যে ১০ জেলায় কার্যক্রম শুরু হচ্ছে সেগুলো হলো- গাইবান্ধা, মুন্সীগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী। যেসব জেলায় আরটি-পিসিআর পরীক্ষার ব্যবস্থা নেই, প্রাথমিকভাবে সেসব জেলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, যাদের মধ্যে পাঁচ থেকে সাত দিন ধরে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, কাশি, শ্বাসকষ্ট, দুর্বলতা, স্বাদ-গন্ধ নেওয়ার ক্ষমতা লোপ পাওয়া) আছে, প্রাথমিকভাবে তাদের অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে চালু হওয়া ১০টি জেলার অভিজ্ঞতা নিয়ে পরে আরও ১০টি জেলায় পরীক্ষা শুরু হবে। ধাপে ধাপে সারাদেশে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হবে। অ্যান্টিজেন পরীক্ষা শুরুর ওপর জোর দিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর নতুন করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন দেয় সরকার।

কারও দেহে ভাইরাসের সংক্রমণ ঘটেছে কিনা, তা দ্রুততম সময়ে জানা যায় অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে। এ পরীক্ষায় নাক বা মুখগহ্বর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

আরটি-পিসিআর পদ্ধতিতে সংক্রমণ শনাক্তে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য। তবে এ পদ্ধতিতে নমুনা সংগ্রহের পর ফল পেতে বেশ সময় লেগে যায়, খরচও তুলনামূলক বেশি। এ ছাড়া সব জায়গায় এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরিও নেই। সেখানে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় মাত্র আধা ঘণ্টার মধ্যে জানা যাবে করোনা সংক্রমণ ঘটেছে কিনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.