পূর্ব সুন্দরবনের পশুর নদীর কাতিয়ানাংলা এলাকায় পর্যটকবাহী ‘এম এল ডিসকভারি’ নামের একটি লঞ্চ ডুবে গেছে। তবে এই লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বনবিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সদস্য মাজহারুল হক কচি জানান, ফরিদপুরের বোয়ালমারী থেকে ৩৩ জনের একটি টিম নিয়ে পর্যটকবাহী লঞ্চটি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনার ৪ নম্বর ঘাট থেকে সুন্দরবনের হিরণ পয়েন্টের উদ্দেশে ছেড়ে যায়। হাড়বারিয়া, কটকা, দুলবার চর হয়ে লঞ্চটি হিরণপয়েন্ট যাওয়ার কথা ছিল। পর্যটকবাহী লঞ্চটি শুক্রবার ভোর ৪টার দিকে সুন্দরবনের পশুর নদীর কাতিয়ানাংলা এলাকায় ডুবোচরে আটকে যায়। এই সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরে নেমে পড়েন। নদীতে ভাটা থাকায় পানির টানে লঞ্চটির পেছন দিক নদীতে নেমে যেতে থাকে। এক পর্যায়ে এটি লম্বালম্বিভাবে নদীতে ডুবে যায়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ ডুবে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পর্যটকরা নিরাপদে নিজ এলাকায় ফিরে গেছে।’
ডুবে যাওয়া পর্যটকবাহী লঞ্চটি উদ্ধারে মালিকপক্ষ কাজ শুরু করেছেন বলেও জানিয়েছেন ওই বন কর্মকর্তা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
