নিউজ ডেস্ক।।
সংঘবদ্ধ চক্র বিশ্ববাজারে করোনার (কোভিড-১৯) নকল ভ্যাকসিন বিক্রি করতে পারে বলে বৈশ্বিক সতর্কতা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। তাই সব দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
সরাসরি বা অনলাইনে নকল ভ্যাকসিন বিক্রির চেষ্টা করতে পারে এই অপরাধী চক্রগুলো। ২ ডিসেম্বর, বুধবার ফ্রান্সভিত্তিক ১৯৪টি দেশের পুলিশের বৈশ্বিক সংস্থাটি এই সর্তকতা জারি করে।
ইন্টারপোল জানায়, করোনা মহামারীর মতো একটি সংকটকে কেন্দ্র করে অপরাধীরা যাতে তৎপর হতে না পারে সেজন্য সংস্থার পক্ষ থেকে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হলো। ইতোমধ্যে অভূতপূর্ব সুবিধাবাদী ও অপরাধমূলক আচরণ বেড়ে গেছে। ভ্যাকসিন মিথ্যাচার, চুরি ও অবৈধ বিজ্ঞাপনের মতো অপরাধমূলক ক্রিয়াকলাপের সম্পর্কে সতর্ক করে সংস্থাটি।
এ বিষয়ে সংস্থাটির মহাপরিচালক জারগেন স্টোক বলেন, সারাবিশ্বের সরকারগুলো গণহারে টিকাদান কর্মসূচি শুরুর প্রস্তুতি নেয়ায় অপরাধী চক্রগুলো সরবরাহ ব্যবস্থায় অনুপ্রবেশ বা ব্যাহত করার পরিকল্পনা করছে। এছাড়াও ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে নকল ভ্যাকসিন বিক্রির বিষয়ে তৎপরতা শুরু করে দিয়েছে।
এমতাবস্থায় করোনার ভ্যাকসিনের সঙ্গে সংযুক্ত সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর আক্রমণ হতে পারে। এজন্য যতটা সম্ভব সব দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রস্তুতি থাকা দরকার বলেও জানান তিনি।
শিবা/এসজেড
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
