মাদারীপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ ইমদাদুল হক মিলন।।

মাদারীপুরে সজল মৃধা (২৩) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের লে: ফারুক সড়কের হরিকুমারিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করে। সজল মৃধা সরকারি নাজিমউদ্দিন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স শেষবর্ষের ছাত্র ও সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামের উপেন মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শহরের হরিকুমারিয়া এলাকার একটি ভাড়া বাসায় কয়েকজন ছাত্র নিয়ে থাকতেন সজল। মঙ্গলবার দুপুরে বাসার একটি কক্ষে ফ্যান ঝুলানোর রডের সঙ্গে সজলের ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা গেছে, গত কয়েক দিন ধরে বাবা-মার সঙ্গে পারিবারিক কলহ ছিল সজলের। এ কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মাদারীপুর সদর মডেল থানার উপ পরিদর্শক মো: কামরুজ্জামান বলেন, ছাত্রাবাসে ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী খবর দিলে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.