হোয়াইট হাউসের অপেক্ষায়

অনলাইন ডেস্কঃ

চার বছর পর হোয়াইট হাউসে আবার ফিরছে কুকুর। তা–ও একটি নয়। দুই–দুইটি। কুকুরগুলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। দুটিই জার্মান শেফার্ড। এর একটির নাম চ্যাম্প। আরেকটির নাম মেজর।

হোয়াইট হাউসে যেতে প্রস্তুত চ্যাম্প ও মেজর। চ্যাম্পের বয়স ১২ বছর। এটি কিন্তু বেশ পরিচিত সবার কাছে। কারণ ভাইস প্রেসিডেন্ট থাকাকালে বাইডেনের সঙ্গী ছিল চ্যাম্প। আর মেজর বয়সে ছোট। ২০১৮ সালে বাইডেন এটিকে পুষতে নেন। প্রাণীদের আশ্রয়কেন্দ্র থেকে উদ্ধার করা কোনো কুকুর হিসেবে মেজরই প্রথম হোয়াইট হাউসে পা রাখবে।

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ প্রেসিডেন্ট সঙ্গে কুকুর রাখেন। এই প্রথা দেশটিতে বেশ পুরোনো। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে কোনো কুকুর রাখতেন না।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল মেনে নেননি। হোয়াইট হাউস থেকে বাইডেনের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। হোয়াইট হাউস থেকে বিজয়ীকে অভিনন্দন জানানোর প্রথা এবার আদৌ বজায় থাকবে কি না, নিশ্চিত করে সেটা কেউ বলতে পারছে না। কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে চলেছেন ট্রাম্প। সুপ্রিম কোর্টে গিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও হুমকি দেন তিনি।

তবে বাইডেন তাঁর কাজ করে চলেছেন। এর মধ্যেই বাইডেনের দল কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করবে, তা জানিয়েছে। বাইডেন সর্বোচ্চ গুরুত্ব দেবেন করোনাভাইরাসের সংক্রমণরোধকে। এ ছাড়া তিনি অর্থনৈতিক পুনরুদ্ধার, জাতিগত বৈষম্য ও জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়েও কাজ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.