এইমাত্র পাওয়া

দেশ সেরা প্রধান শিক্ষক হলেন শহিদুল ইসলাম

নিউজ ডেস্ক।।

২০১৯ সালের জাতীয় শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রোববার এই তালিকা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণিতে সেরা হওয়াদের নামও চূড়ান্ত করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুজন দায়িত্বশীল কর্মকর্তা  জানান সুবিধাজনক সময়ে সংশ্লিষ্টদের পদক দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম।

‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯’ উপলক্ষে রোববার তাঁকে দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিদ্যালয়-২) শামীম আরা নাজনীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই অনুষ্ঠানে মো: শহিদুল ইসলাম প্রথমে বালিয়াান্দি উপজেলা পর্যায়ে এবং পরে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়। এরপর ঢাকা বিভাগের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হন।

মো: শহিদুল ইসলাম ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। মো: শহিদুল ইসলাম বিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাস করেন। তিনি ২ ডিসেম্বর ১৯৯৮ সালে প্রধান শিক্ষক হিসেবে চাকরিতে প্রথম যোগদান করেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮’তে তাঁর স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি জেলার সেরা প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়।

দেশের মধ্যে তিনি প্রথম তার বিদ্যালয়ে ‘সততা ষ্টোর’ নামের বিক্রেতাবিহীন দোকান প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

২০১৬ সালে তিনি বালিয়াকান্দি উপজেলার প্রথম শিক্ষক হিসেবে সরকারী জিও তে ইন্দোনেশিয়া ভ্রমণ করেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সাল হতে ৬ বছর যাবত মো: শহিদুল ইসলাম কোন নৈমিত্তিক ছুটি ভোগ করেননি। বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করার পাশাপাশি তিনি নিজে প্রায় ৫লক্ষাধিক টাকা বিদ্যালয়টিতে অনুদান হিসেবে দান করেন।

তাঁর বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার, গ্রন্থাগার, নামাজঘর, শহীদমিনার, উপকরণ কর্ণার, মিনা রাজু পাক, পতাকামঞ্চ, ভুগোলক, রিডিং কর্ণার, হাসান আলী স্কয়ার, আমাদের ভুবন, পশুপাখির মুর‌্যালসহ নানাবিধ স্থাপনা স্থানীয়ভাবে সম্পন্ন করেন।

তিনি বিদ্যালয়টিতে যোগদানের পর বিদ্যালয়টিতে ঈর্ষনীয় সাফল্য পায় শিক্ষার্থীরা। সমাপনীতে ভালো ফলাফল লাভের জন্য তিনি বিদ্যালয়ের সময় সূচীর বাইরে বৈকালিক/নৈশকালীন বিদ্যালয় চালু করেছেন।

সাপ্তাহিক ছুটির দিনেও তার উপস্থিতি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করেছেন। তিনি নিজ হাতে মানচিত্র, ভূ-গোলক ও শিক্ষা উপকরণ তৈরি করে থাকেন, তিনি স্কাউটিং এ জাতীয় সনদপ্রাপ্ত এবং রেড ক্রিসেন্ট এর আজীবন সদস্য। তাঁর কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নাগরিক ফোরাম ২০১৮ সালে তাঁকে গুণীজন সংবর্ধনা প্রদান করেন।

মো: শহিদুল ইসলাম তাঁর এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিদ্যালয়-২) শামীম আরা নাজনীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহীদুল ইসলাম দেশের সেরা প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে তাঁকে খুব শীঘ্রই পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.