নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস মহামারির ঝুঁকির মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে ৭টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।সোমবার (২ নভেম্বর) এসব নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এ ব্যাপারে কমিশন কোনো দায়ভার নেবে না।
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনাটি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসব নির্দেশনা শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নির্দেশনাসমূহ:
১. একদিনে ১টি প্রোগ্রামের ১টির বেশী ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা যাবে না।
২. দেশে জনস্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা (যেমন: বাধ্যতামূলক ফেস মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব, ক্যাম্পাস ও ক্লাসে স্যানিটাইজার সরবরাহ নিশ্চিতকরণ ইত্যাদি) কঠোরভাবে অনুসরণ করতে হবে।
৩. প্রতি ক্লাসে একসাথে অনধিক ১০ (দশ) জন শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে হবে।
৪. শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর কেবলমাত্র আধা ঘন্টা আগে ক্যাম্পাসে আসা এবং তা শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে ক্যাম্পাস ত্যাগ নিশ্চিত করতে হবে।
৫. সংশ্লিষ্ট কোর্সের মৌখিক পরীক্ষা অনলাইনে সম্পন্ন করতে হবে; ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মাঝে দূরত্ব থাকতে হবে ন্যূনতম ০৬ (ছয়) ফুট।
৬. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও আলোচিত দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে; এবং ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।
৭. এ ব্যাপারে কমিশন কোন দায়ভার গ্রহণ করবে না।
গত ৭ মে জারি করা সাধারণ নির্দেশাবলী যথাযথ প্রতিপালন ও অনুসরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত ৭ মে এবং ১৭ আগস্ট কমিশন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেওয়া, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনায় ল্যাবরেটরিভিত্তিক সব কোর্সের ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা ও মূল্যায়ন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরই অতিরিক্ত সময় বরাদ্দ করে সরাসরি শ্রেণিকক্ষে শেষ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
