প্রজ্ঞাপন জারি : ক্রোড়পত্র প্রকাশিত হবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে

এখন থেকে মন্ত্রণালয় বা বিভাগ এবং অধীন দফতর ও সংস্থাকে সরকারি ক্রোড়পত্র কেন্দ্রীয়ভাবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে। গত ১৫ অক্টোবর এ সিদ্ধান্তের কথা জানিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। দিবস পালনসহ নানা উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থা নিজস্ব তত্ত্বাবধানেই পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করে।

এ ব্যবস্থা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে অর্থাৎ ১৫ অক্টোবর কার্যকর হবে।

তথ্য সচিব কামরুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি সব ক্রোড়পত্র তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থাকে অনুরোধ করা হলো।

এর আগে তথ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে প্রধানমন্ত্রীর কার্যালয় অনুমোদন দিয়েছে।

এতে বিভিন্ন দিবসে নামস্বর্বস্ব পত্রিকাগুলোর সরকারি ক্রোড়পত্র বাগিয়ে নেয়ার যে অনৈতিক প্রতিযোগিতা, তা বন্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ২০০৬ সালের আগে এভাবে ক্রোড়পত্র প্রকাশিত হতো বলেও জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ক্রোড়পত্র প্রকাশের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে গত ২৮ জুলাই তথ্য সচিব কামরুন নাহারের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলো নিজেদের তত্ত্বাবধানে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করতে পারবে না। কেন্দ্রীয়ভাবে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে।

পরে গত ২৩ আগস্ট এ বিষয়ে মতামত নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়। গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব অনুমোদন করে তথ্য সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.