নিউজ ডেস্ক।।
বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসার পরিচালনা পর্ষদ তথা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে একই ব্যক্তিকে একাধিকবার না রাখার দাবি জানানো হয়েছে। এ দাবিতে রোববার ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম।
ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমান টুলুর এক যৌথ বিবৃতিতে বলা হয়, একই ব্যক্তি বার বার একই শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে মনোনীত বা নির্বাচিত হলে সংশ্লিষ্ট স্কুল-কলেজটি অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের আখড়ায় পরিণত হয়। ফলে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়ন ব্যাহত হয়।
গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নির্বাচনের বিধিমালায় এ বিষয়টি উল্লেখ না থাকার কারণে কোনো কোনো স্কুল-কলেজ-মাদরাসার অধ্যক্ষ বা প্রধান শিক্ষক অনিয়ম-দুর্নীতি ও নিজের পদ-পদবী আখড়ে রাখার জন্য নানাভাবে চেষ্টা করেন। এরা নিজের চেয়ার ঠিক রাখার জন্য নিজের পছন্দের ব্যক্তিদের গ্রুপিংয়ের মাধ্যমে মনোনয়ন বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে একক প্যানেল ঘোষণা করেন। ফলে প্রতিষ্ঠানটিতে আর্থিক অনিয়ম ও লুটপাট হয়, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
বিবৃতিতে তারা বলেন, রাজধানীর নামকরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিতে ২০০৯ সাল থেকে দীর্ঘ ১২ বছর ধরে একই ব্যক্তি রয়েছেন। সভাপতি পদেও একই ব্যক্তি একাধিকবার রয়েছেন। কিন্তু বন্ধ হচ্ছে না এ শিক্ষাপ্রতিষ্ঠানটির অনিয়ম-দুর্নীতি, অবৈধ ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও কোচিং বাণিজ্য। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা শিক্ষার্থীর ভর্তি নীতিমালা, শিক্ষকের কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা এবং এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না।
আইন প্রণয়ন করে বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসার পরিচালনা পর্ষদের জন্য একই ব্যক্তি একাধিকবার সভাপতি পদসহ অন্যান্য পদে যাতে নির্বাচিত বা মনোনীত হতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
