নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জান্নাতুলের ডিন পদ স্থগিত

নিউজ ডেস্ক।।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসের ডিন পদ স্থগিত করা হয়েছে। গত ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক।

জানা যায়, ড. জান্নাতুল ফেরদৌসের অধ্যাপক পদে পদোন্নতির বিষয়ে অভিযোগ থাকায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে তিন সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে এ বছরের ১৯ আগস্ট ৭০তম সিন্ডিকেট সভায় এ অনুষদের ডিনের দায়িত্ব পান তিনি। বিজ্ঞান অনুষদের শিক্ষক হিসেবে তিনিই প্রথম এ অনুষদের ডিনের দায়িত্ব পান। এর আগে উপাচার্যই ছিলেন এই অনুষদের ডিন।

ড. জান্নাতুল ফেরদৌসের ডিনের দায়িত্ব পাওয়া নিয়ে রয়েছে জ্যেষ্ঠতার বিধান লঙ্ঘনের অভিযোগ।

একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. এ এইচ এম কামাল গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উক্ত ডিন পদ আমিই পাওয়ার যোগ্য। এক্ষেত্রে অনিয়ম হয়েছে। ২০১৪ সাল থেকেই এই অনুষদে বিভাগের শিক্ষকদের মধ্য থেকে ডিন দেওয়া যেত। কিন্তু এত দিন উপাচার্যই ছিলেন এই অনুষদের ডিন। এখন এই অনুষদে পাঁচ জন অধ্যাপক, আমি সিনিয়র। ’

এ ব্যাপারে ড. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আইনের কোনোরকম লঙ্ঘন হয়নি। সিন্ডিকেট যোগ্য মনে করলে অধ্যাপকদের মধ্য থেকে যেকাউকে ডিনের দায়িত্ব দিতে পারে। আমাকে দিয়েছে, তাদের মনে হয়েছে আমি যোগ্য। একজনকে দায়িত্ব দিয়ে এখন আবার তালগোল পাকানো আমার এত দিনের শিক্ষকতার ইতিহাসে কখনও দেখিনি।’

পদোন্নতি নিয়ে তিনি বলেন, ‘সিন্ডিকেট চাইলে একজন সহযোগী অধ্যাপকও ডিন হতে পারেন। সিন্ডিকেট আমাকে এ দায়িত্ব দেওয়ায় আমি স্বভাবতই খুশি হয়েছিলাম।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীরও একই কথা বলছেন। তিনি বলেন, ‘সিন্ডিকেটের কাছে যোগ্য মনে হলে জ্যেষ্ঠতা বিবেচনা না করেও দেওয়া যেতে পারে দায়িত্ব। যদিও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন (২০০৬) বলছে ভিন্ন কথা। আইনের ২২(৫) ধারায় জ্যেষ্ঠতাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইনের লঙ্ঘন হয়েছে কি-না তা খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.