উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন ওড়িশা উপকূলে অবস্থান করছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয়। এর সঙ্গে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা কয়েক দিন ধরেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। আরো তিন দিন বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে আজ রবিবার দেশের প্রায় সব জেলায়ই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
এদিকে আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে কমপক্ষে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেখান থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুসহ বাংলাদেশ থেকে বর্ষাকাল বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু এখন বেশ সক্রিয়। তা ছাড়া বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন ওড়িশা উপকূলে অবস্থান করছে। এর ফলে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরো তিন থেকে চার দিন থাকতে পারে। এ ছাড়া চলতি মাসে একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, গেল সেপ্টেম্বরে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে এই সময় রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বেশি বৃষ্টির পেছনে গত মাসের মাঝামাঝি সময় সাগরে লঘুচাপের প্রভাবের কথা বলছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির পাশাপাশি দেশে ভাপসা গরমও পড়ছে কয়েকটি জেলায়। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বেশ কয়েকটি জেলায় ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা।
আবহাওয়া অফিসের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, চলতি মাসের মধ্যে দেশের প্রায় সব নদ-নদীর পানির প্রবাহ স্বাভাবিক হয়ে আসবে। তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। যা অস্থায়ী বন্যা তৈরি হওয়ার মতো নয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
