ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ৪-১৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক।।

সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ১৭ অক্টোবর। এ ক্যাম্পেইনের মাধ্যমে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দুই সপ্তাহে আট দিনব্যাপী ক্যাম্পেইন চলায় এবার কোনো ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে না।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর (এনএনএস) এসএম মুস্তাফিজুর রহমান গতকাল জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অবহিতকরণ ও কার্যপরিকল্পনা সংক্রান্ত সভায় এসব তথ্য জানান। তিনি বলেন, যেসব শিশু ভ্রমণে থাকবে, তাদের ৪ থেকে ১৭ অক্টোবরের
মধ্যে ৮ দিন ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্র থেকে নিজ দায়িত্বে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সারাদেশে ১ লাখ ২০ হাজার ইপিআই টিকাদান কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবক এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

এসএম মুস্তাফিজুর রহমান বলেন, সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু আছে ৩৪ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু আছে ১ কোটি ৯৬ লাখসহ মোট ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রায় ৯০ শতাংশ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু, ৪ মাসের মধ্যে ভিটামিন এ প্রাপ্ত শিশু ও অসুস্থ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.