এইমাত্র পাওয়া

১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারেই মিলবে টিকিট

নিউজ ডেস্ক।।

দীর্ঘ সময় কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকার পর তা পুনরায় চালু হতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে আগের মতো স্টেশন কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। করোনা মহামারীর কারণে দুই মাস বন্ধ থাকার পর রেল চলাচল শুরু হলেও আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট শুধু অনলাইনেই বিক্রি হচ্ছিল।

৭ সেপ্টেম্বর, সোমবার বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, কোনো স্টেশনের অনুকূলে কোনো নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রয়কৃত মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ৬টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা অনধিক ৬টি হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা যাবে। এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত থাকা ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

আরো বলা হয়, কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় অবিক্রিত টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যে কোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে। সকাল ৮টা থেকে কাউন্টারে মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানান, বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে সেই অংশ থেকে ৫০ শতাংশ বিক্রি হবে কাউন্টার থেকে। অর্থাৎ আসন সংখ্যার ২৫ শতাংশ বিক্রি হবে কাউন্টারের মাধ্যমে এবং বাকি ২৫ শতাংশ হবে অনলাইনে।

তিনি আরো বলেন, মহামারীকালে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলছে বলে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে না। তবে এজন্য রেলের ভাড়া বাড়ানো হয়নি। ১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলেও টিকিট ইস্যুর অন্যান্য নিয়ম অপরবির্তত থাকবে।

প্রসঙ্গত, করোনা (কোভিড-১৯) মহামারী ঠেকাতে গত মার্চের শেষে ট্রেন চলাচলও বন্ধ করে দেয় সরকার। এরপর গত ৩১ মে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এরপর ৫ সেপ্টেম্বর থেকে করোনা সংক্রান্ত বিধি-নিষেধেরর কিছু বিষয় শিথিল করে চলাচল করছে যাত্রীবাহী রেল। সেপ্টেম্বর থেকে ১৯ জোড়া ট্রেন চালু হওয়ায় মোট ৬৭ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এসব ট্রেনের টিকিট অনলাইনেই কাটা যেতো। নুতন এই ঘোষণার ফলে এখন তা কাউন্টার থেকেও কাটা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.