শ্রীপুরে শুরু হলো অনলাইনে পাঠদান

লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।

করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাগুরার শ্রীপুরে উপজেলায়ও অনলাইনে শুরু হয়েছে শিক্ষার্থীদের পাঠদান কার্যদক্রম। উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অনলাইনে ক্লাস নিচ্ছেন। তবে অসচ্ছল অভিভাবকদের হাতে স্মার্টফোন ও কম্পিউটার না থাকায় অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বড় অংশের শিক্ষার্থীরা।

জানা যায়, করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্ধবার্ষিকীসহ সব পরীক্ষা স্থগিত রয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি আদেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রীপুরে শুরু হয়েছে অনলাইন ক্লাস কার্যক্রম। এজন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফেইসবুক গ্রুপ “SREEPUR ONLINE SCHOOL, COLLEGE, AND MADRASHA”- নামে ডিজিটাল প্লাটফর্ম প্রতিষ্ঠা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তারিকুল আলম। এই ডিজিটাল প্লাটফর্মে এডমিন হিসেবে আছেন বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিয়ার রহমান, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক( আইসিটি) মো: আশরাফুল আলম এবং শ্রীপুর সরকারি এম. সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক( আইসিটি) মো: নুরুজ্জামান।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও “SREEPUR ONLINE SCHOOL, COLLEGE AND MADRASHA”- এর প্রতিষ্ঠাতা সদস্য মো: তারিকুল আলম জানান, বর্তমান করোনা পরিস্হিতির ভিতরে উপজেলা প্রশাসনের সহায়তায় শিক্ষার্থীদের পড়াশোনা চালু রাখার জন্য শ্রীপুরে শুরু করা হয়েছে অনলাইনে পাঠদান। এতে যদি ৬০/ ৭০ ভাগ শিক্ষার্থীও উপকৃত হয় তাহলেই আমাদের সাফল্য। ডিজিটাল প্লাটফর্মে আমার জিতবো, আমাদের জয় হবেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্রীপুরে মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫০টি।এর মধ্যে মাধ্যমিক স্কুল ৩১টি, মাদ্রাসা ১১টি এবং কলেজ রয়েছে ৮টি।

শ্রীপুর সরকারি এম. সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণি’র শিক্ষার্থী মুবাশ্বির আল- সিয়াম জানায়, প্রতিদিন সে ঘরে বসে অনলাইন ক্লাসে অংশ নিয়ে বেশ সুফল পাচ্ছে। আবার নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণি’র শিক্ষার্থী মোছা: মীম খাতুন জানায়,, প্রবল ইচ্ছাথাকা সত্ত্বেও স্মার্টফোন ও কম্পিউটার না থাকায় তার পক্ষে অনলাইন ক্লাসে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। মীমের পিতা মো: আশরাফুল ইসলাম জানান, অর্থনৈতিক অনটনের কারণে তার পক্ষে মেয়েকে এখন স্মার্টফোন দেয়া দুরুহ হয়ে পড়েছে। অপর শিক্ষার্থী মো: আরমান হোসেন জানায়, করোনা পরিস্হিতির মধ্যে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষকদের সাহচার্য পাচ্ছি। অনেক সমস্যা সমাধান হচ্ছে। এর ফলে আমরা উপকৃত হচ্ছি।

চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকাী শিক্ষক( বিজ্ঞান) আব্দুল আলিম খান জানান, করোনা পরিস্হিতির ভিতরে অনলাইনে পাঠদানে শিক্ষার্থীরা উপকার পাচ্ছে।কিন্তু অনেক শিক্ষার্থীর স্মার্ট ফোন না থাকার কারনে অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামের স্কুলগুলোতে আরও একটা প্রধান সমস্যা নেট দুর্বলতা।নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মো: জিল্লুর রহমান জানান, তার মতে অনলাইন ক্লাস ব্যবস্থা ভালো। কিন্তু অধিক প্রচার না হওয়া এবং উপকরণ না থাকায় অনলাইন ক্লাসের সুফল অধিকাংশ শিক্ষার্থী পাচ্ছে না।

হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন জানান, করোনা সারাবিশ্বকে গ্রাস করেছে। এখন যেহেতু বিশ্বায়নের যুগ। বর্তমান সরকার প্রধান সিদ্ধান্ত নিয়েছেন যে, পরিস্হিতি একদম স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবেনা- এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।বর্তমান সরকার জনদরদী সরকার।শিক্ষার্থীরাmmk পিছিয়ে পড়ছে, সেজন্য অনলাইনে পাঠদানের ব্যবস্হা নিয়েছে সরকার। এটা নি:সন্দেহে একটি ভালো পদক্ষেপ।

বদনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা এম্বাসেডর ওলিয়ার রহমান জানান, করোনায় পড়াশোনা চালু রাখতে মাধ্যমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে অনলাইনে পাঠদান কার্যক্রম চালু করেছি।আশা করি শিক্ষার্থীরা উপকৃত হবে।

এবিষয়ে সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সুলতান আলী বলেন, আমাদের গ্রুপে সদস্য হওয়ার জন্য সবইকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যেকটি স্কুলকে প্রতিদিন কমপক্ষে একটি ক্লাস আপলোড করতে বলা হয়েছে। শিক্ষকরা আগ্রহী হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

অনলাইনে পাঠদান কার্যক্রম বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কবীর বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগে থেকেই শ্রীপুরে চালু আছে অনলাইন শিক্ষাকার্যক্রম। আমাদের সহযোগিতায় মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সিলেবাস ভিত্তিক পরিচালিত হচ্ছে অনলাইন শিক্ষা কার্যক্রম।করোনা পরিস্হিতিতে নানা প্রতিকুলতার মধ্যেও শিক্ষার্থীদের লেখাপড়া পুষিয়ে দিতে চালু করা হয়েছে অনলাইন পাঠদান পদ্ধতি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.