নিউজ ডেস্ক।।
সংযুক্ত আরব আমিরাতের সাথে ঐতিহাসিক শান্তিচুক্তির পর দেশটিতে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে ইসরায়েল। আগামী সপ্তাহেই দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘এল-আল’ প্রথম ফ্লাইটটি পরিচালনা করতে যাচ্ছে। ফ্লাইটটি চালু হলে এটিই হবে কোনো উপসাগরীয় দেশে ইসরায়েলি বিমান সংস্থার প্রথম সরাসরি ফ্লাইট।
গতকাল ২৫ আগস্ট, মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে আল আরাবিয়া। এতে বলা হয়, প্রথম ওই ফ্লাইটে থাকছেন মার্কিন ও ইসরায়েলি প্রতিনিধিরা।
আবুধাবিগামী ওই বিমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা এবং জামাতা জেরাড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন থাকবেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি প্রতিনিধি দলে বিমান, মহাকাশ, স্বাস্থ্য ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা থাকবেন।
গত ১৩ আগস্ট মার্কিন মধ্যস্ততায় ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। অবশ্য দীর্ঘদিন ধরেই মিসর-জর্ডানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
