২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর সেনা সদস্যদের সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় হামলার ঘটনার স্মরণে প্রতিবছর ২৩ শে আগস্ট পালন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর কালো দিবস পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি অনুযায়ী আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া, সকাল ১১:০০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে অবস্থিত অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে এক আলোচনা সভা হবে।
রাজনৈতিক উত্তাপের মধ্যে ২০০৭ সালের শুরুতে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার দেশে জরুরি অবস্থা জারির কয়েক মাস পর ওই বছর ২০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (কেন্দ্রীয় জিমনেশিয়াম) সেনা সদস্যের সঙ্গে ছাত্রদের অপ্রীতিকর ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। সংঘর্ষে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালায় উপস্থিত সেনাসদস্যরা।
এই ঘটনার প্রেক্ষিতে পরের দিন ২১ আগস্ট জরুরি অবস্থার অবমাননা করে নির্যাতনের প্রতিবাদে রাস্তায় আন্দোলনে নেমেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিএসসি, কার্জন হল ও নীলক্ষেত এলাকাসহ ক্যাম্পাস বিরাজ করে এক উত্তপ্ত পরিস্থিতি।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর পুলিশ চড়াও হলে পরের দিন ২২ আগস্ট এই আন্দোলন রাজশাহী, চট্টগ্রামসহ দেশের অন্যান্য কয়েকটি বিশ্ববিদ্যালয় ও দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিকে আনতে ২২ আগস্টেই বিভাগীয় শহরগুলোতেও কারফিউ জারি করে তৎকালীন সরকার। ওইদিন সন্ধ্যার মধ্যেই ঢাবির হল থেকে আবাসিক সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
টানা তিনদিন আন্দোলন চলার পর ২৩ অগাস্ট সন্ধ্যার মধ্যেই ঢাবির হল থেকে আবাসিক সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। ওই রাতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক এবং আটজন ছাত্রকে গ্রেফতারের পাশাপাশি সারা দেশের শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হয়। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশের অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। এরপর বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। ঘটনার পর দীর্ঘ ৬৬ দিন পর খুলা হয় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পরের বছর থেকে এই দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
