এইমাত্র পাওয়া

সেপ্টেম্বর-অক্টোবরেই হতে পারে এইচএসসি

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর স্থবির হয়ে পড়েছে বিশ্ব। যার ধাক্কা লেগেছে শিক্ষাঙ্গনেও। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আটকে আছে। তবে কবে বা কিভাবে এই পরীক্ষা নেয়া হবে তা নিয়ে আলাপ-আলোচনা চলছে।

স্বাস্থ্যবিধি মেনে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে এই পরীক্ষা শুরু হতে পারে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি রোডম্যাপ তৈরি করে শিক্ষা বোর্ডগুলো বিভিন্ন প্রস্তুতিও শুরু করেছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, বর্তমানে সবকিছু সচল হতে শুরু করেছে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করা হয়েছে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। এজন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত কেন্দ্রের বাইরে পার্শ্ববর্তী ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে। নতুনভাবে কেন্দ্র বাড়িয়ে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার আয়োজন করা হবে।

জানা গেছে, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরীক্ষার হলে একটি বেঞ্চে একজন শিক্ষার্থী বসানো হবে। ক্লাসরুমে যতগুলো বেঞ্চ থাকবে ততজন পরীক্ষার্থীর সিট নির্ধারণ করা হবে। কোনো কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে পার্শ্ববর্তী ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হবে। পরীক্ষা কেন্দ্রগুলোর গেটের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে। পরিদর্শক ও পরীক্ষার্থীরা ভালোভাবে হাত পরিষ্কার করে ভেতরে প্রবেশ করবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারীর কারণে এ পরীক্ষাসূচি স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। এতে করে অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.