রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
যেখানে কম্পিউটারের একটি বাটনে চাপ দিলে সারা বিশ্ব আসে হাতের মুঠোয় সেখানে শিশুদের মেধার বিকাশে তথ্য প্রযুক্তির ব্যবহার ছাড়া কি চলে ? শিক্ষার্থীদেরকে মেধা বিকাশ ও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ করতে বিশেষ অবদান রেখেছে উজলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ইতোমধ্যে বিদ্যালয়টি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে। পরিচিতি পেয়েছে সমগ্র জেলায়।
মেহেরপুর জেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে ১৯৪৯ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়টিতে রয়েছে ৪১২ জন শিক্ষার্থী। পাঠদানের জন্য আছেন ১০ জন মহিলা ও তিনজন পুরুষ শিক্ষক। আধুনিক প্রযুক্তি সম্বলিত সুসজ্জিত শ্রেণিকক্ষ, একটি উপকরণ রুম ও একটি ডিজিটাল কম্পিউটার ল্যাব। একটি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার রুম ও একটি স্টোর রুম। প্রতিটি কক্ষে রয়েছে তথ্য প্রযুক্তির ছোয়া। এখানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল হাজিরার ব্যবস্থা। প্রাক- প্রাথমিক পর্যায়ের জন্য বরাদ্দ রুমটির দেয়ালে শোভা পাচ্ছে শিশুদের উপযোগী বিভিন্ন দেয়াল লিখন। বিদ্যালয়ের সীমানা প্রাচীরে বিভিন্ন শিক্ষাবিদ ও মনীষীদের বাণী শোভা পাচ্ছে। সামনে রয়েছে বিশাল একটি খেলার মাঠ। বাচ্চাদের খেলার জন্য রয়েছে দোলনাসহ বেশ কয়েকটি রাইড।
যতদুর জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি শিক্ষার্থীদেরকে সুচারু রুপে পাঠ দান করে আসছিল। তবে তথ্য প্রযুক্তির ব্যবহারটি সংযোজন করা হয় ২০১০ সালে। আর এর পুর্ণাঙ্গ রুপ পায় ২০১৮ সালে। আছে ৩ টি ডেক্সটপ ও ৯টি ল্যাপটপ। প্রাথমিকে জেলার একমাত্র প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এটি। কম্পিউটার ল্যাব থেকে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষকরা ছাত্রছাত্রীদের তথ্যপ্রযুক্তির শিক্ষা প্রদান করেন । প্রধান শিক্ষক নিজেই একজন আইসিটিতে দক্ষ শিক্ষক যার কারণে তিনি সহজেই শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি জ্ঞানদানে সিদ্ধ হস্ত। তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার নির্বাচিত হয়েছেন ।

শুধু শিক্ষা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও অনন্য অবদান রেখছে এ বিদ্যালেয়টি। বাংলাদেশ স্কাউটে বিদ্যালয়ের কাব দল শিশুদের ভাল মানুষ গড়ার ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে। ২০১৯ সালে জেলা মুটে অংশ গ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রী আখিঁতারা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে । বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ড ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখায় বিদ্যালয়টি একাধিকবার জেলা পর্যায়ে প্রথম হওয়ায় গৌরব অর্জন করে ।
কয়েকজন অভিভাবক জানান, বিদ্যালয়ের পরিবেশ আর শিক্ষার্থীদের প্রতি বেশ নজরদারী রয়েছে শিক্ষকদের। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না। সন্তানরা পড়াশোনা করছে নাকি অন্য কোথাও রয়েছে তা নিয়ে চিন্তা করতে হয় না। ডিজিটাল হাজিরা ব্যবস্থা আর সব সময় অভিভাবকদের সাথে যোগাযোগ রয়েছে শিক্ষকদের। এ পরিস্থিতি ধরে রাখতে হবে।
প্রধান শিক্ষক আনারুল হুদা বলেন, বিদ্যালয়টি শিশুদের শিক্ষা উপযোগী ও আকর্ষনীয় করে গড়ে তোলার লক্ষ্য চেষ্টা করা হচ্ছে। প্রতিনিয়ত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে যোগাযোগ রেখে পড়াশোনার খোঁজ খবর নেয়া হয়। শিক্ষার্থীদের সাথেও মানবিক আচরণ আর অভিভাবক হিসেবে নিজেকে দাড় করাতে পারলে শিক্ষার্থীরা অনায়াসে ভাল লেখাপড়া করবে ও ভাল ফলাফল দিতে পারবে। সকল শিক্ষক সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আয়ুব আলী জানান, মেহেরপুর জেলার মধ্যে এ বিদ্যালয়টি শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে রয়েছে। বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা করার প্রয়োজন প্রধান শিক্ষক ও পর্ষদের সদস্যদের নিয়ে আলোচনা করে সেটাই করা হয়। বিদ্যালয়টি শিক্ষাঙ্গনের মডেল হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আপিল উদ্দীন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন দক্ষ প্রশাসকও বটে। তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য ব্যাপক পরিশ্রম করেন । বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান যাতে ভাল হয় ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে ও পড়তে উৎসাহিত হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে শিক্ষা বিভাগ । শুধু উজলপুর নয়, সদর উপজেলার সকল বিদ্যালয়ের পাঠদান ও মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা অফিস বদ্ধ পরিকর।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ ফজলে রহমান জানান, বিদ্যালয়ের সকল পরিবেশ সুন্দর ও শিক্ষাদান পদ্ধতি মান সম্মত ও আইসিটি বেইজ সরকারী প্রাথমিক বিদ্যালয় । তবে আরো কিছু বিষয় সংযোজিত হলে ভাল হবে। বঙ্গবন্ধুর ছবি, নির্দিষ্ট ডিজাইনের শহীদ মিনার, স্মৃতিসৌধ বা এগুলো নিয়ে একটি কর্নার তৈরী করা যেত তাহলে নুতন প্রজন্মের কোমলমতি ছাত্রছাত্রীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস সম্পর্কে জানতে পারতো ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
