এইমাত্র পাওয়া

বিশ্বকাপে ১০টির বেশি দল চান ৫৫ শতাংশ ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি।।

টি-২০ বিশ্বকাপের জনপ্রিয়তা এখনও পঞ্চাশ ওভারের বিশ্বকাপকে ছুঁতে পারেনি। অধিকাংশ পেশাদার ক্রিকেটারই মনে করেন, ক্রিকেটের সবচেয়ে বড় বৈশ্বিক ইভেন্ট পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। এই বিশ্বকাপে তাই দশটির বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত বলে মত দিয়েছেন ৫৫ শতাংশ ক্রিকেটার।

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ফিকা) দ্বিতীয় বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এই জরিপে ফিকার সদস্য নয়টি দেশের ২৭৭ জন পেশাদার ক্রিকেটার অংশ নিয়েছেন। তবে ভারত-পাকিস্তানের ক্রিকেটার এই জরিপে অংশ নেননি।

ফিকার ওই জরিপে ৮২ শতাংশ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরম্যাট বলে জানিয়েছেন। তবে ৫৮ শতাংশের মতামত, পর্যাপ্ত টেস্ট ম্যাচ খেলানো হচ্ছে না। টেস্টকে জনপ্রিয় করতে দিবারাত্রির টেস্ট চালু হয়েছে। তবে ৫৫ ভাগ মনে করেন, দিবারাত্রির টেস্ট বাধ্যতামূলক করা ঠিক হবে না। এছাড়া ৭৬ শতাংশ ক্রিকেটার চার দিনের টেস্টের বিপক্ষে মত দিয়েছেন।

জরিপে ৮৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, পঞ্চাশ ওভারের বিশ্বকাপই ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট। কিন্তু টুর্নামেন্টটি দশটির বেশি দলের অংশগ্রহণে হওয়া উচিত মনে করেন ৫৫ ভাগ ক্রিকেটার। উত্তরদাতাদের প্রায় অর্ধেক ক্রিকেটার তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। তবে ৭৭ ভাগ ক্যারিয়ার নিয়ে আশাবাদী, কেউ কেউ মনে করেন ক্যারিয়ারের অনিশ্চয়তা সামনে কেটে যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.