প্রথম জামাত অনুষ্ঠিত, দ্বিতীয় জামাত ৭টা ৫০ মিনিট

অনলাইন ডেস্ক:

ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জামাতটিতে অংশ নেয় ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনাভাইরাসের বিস্তার রোধে রোজার মতো কোরবানির ঈদের জামাতও মসজিদের পড়তে হচ্ছে। এক্ষেত্রে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি এবং করা যাবে না কোলাকুলি। সবাইকে বাসা থেকে ওজু করে মসজিদে আসতে দেখা গেছে। কাতারগুলো হচ্ছে দূরত্ব বজায় রেখে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলাচ্ছেন না কেউ। করোনাভাইরাস অতি সংক্রামক বলেই এ ব্যবস্থা, বলছেন সংশ্লিষ্টরা।

ঈদে বায়তুল মোকাররমে পাঁচটি জামাত হলেও এবার হচ্ছে ছয়টি। সূত্রমতে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

তৃতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক, মুকাব্বির থাকবেন মাওলানা ইসহাক।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩৫ মিনিটে। এ জামাতের ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন মো. শহীদুল্লাহ।

পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

ষষ্ঠ এবং সর্বশেষ জামাত সকাল ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. আব্দুর রাজ্জাক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদুল আযহার জামাত সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ- মসজিদুল জামিআয় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের এই জামাত অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল ৮ টায় ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এবারের ঈদ জামাত আয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা নেই।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এবার ঈদের ছুটি ৩ দিন ঘোষণা করেছে সরকার। ঈদ উপলক্ষে গতকাল ৩১ জুলাই, আজ ১ আগস্ট শনিবার এবং ২ আগস্ট রোববার ছুটি থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.