নিজস্ব প্রতিনিধি।।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর প্রবর্তিত ‘বজলুর রহমান স্মৃতিপদক’ পেলেন সাংবাদিক ইজাজ আহমেদ মিলন ও জি এম ফয়সাল আলম।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জুম লিংকের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে সভাপতিত্ব করেন এবং বিজয়ীদের হাতে পদক ও এক লাখ টাকার চেক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও জুরিবোর্ডের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী ও জিয়াউদ্দিন তারিক আলী, জুরিবোর্ডের সদস্য মনিরুজ্জামানসহ বিভিন্ন সুধীজন।
আয়োজনে প্রধান অতিথি ড. শিরীন শারমিন চৌধুরী বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আত্মনিয়োগের জন্য বিশেষ আহ্বান জানান। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় এ পদক প্রবর্তনের জন্য তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর ও বজলুর রহমানের পরিবারকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকতায় নানা বিষয়ে পদক দেওয়ার প্রচলন থাকলেও মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবদিকতার জন্য পদক দেওয়ার বিশেষ গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আনুসন্ধানী ও গবেষণাধর্মী প্রতিবেদন তৈরির আহ্বান জানান।
সারা যাকের করোনাকালীন এ সময়েও বিগত প্রায় চার মাস ধরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিকল্প পন্থায় জাদুঘরের নিয়মিত কর্মসূচি পালনের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
১৯৭১ সালের ১৪ মে গাজীপুরের বাড়িয়া এলাকায় সংঘটিত গণহত্যা নিয়ে ‘১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ’ শীর্ষক ভিন্ন ভিন্ন শিরোনামে ১৮ পর্বে প্রকাশিত প্রতিবেদনের জন্য প্রিন্ট মিডিয়ায় গাজিপুরের দৈনিক মুক্ত খবরের প্রতিবেদক ইজাজ আহমেদ মিলন এ সম্মাননা পান। একইসঙ্গে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞের অজানা ইতিহাস নিয়ে চ্যানেল ২৪-এর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ইলেক্ট্রনিক মিডিয়ায় চ্যানেলটির বিশেষ প্রতিনিধি জি এম ফয়সাল আলমকে এ সম্মাননা দেওয়া হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
