অনলাইন ডেস্ক।।
দীর্ঘ তিন দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগ যুগে এটাই অল রেডদের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া। মার্সিসাইড ক্লাবটির এই সাফল্যের নেপথ্য নায়ক ইয়ুর্গেন ক্লপ। জার্মান এই কোচের অধীনে বদলে গেছে লিভারপুল। গত মৌসুমে তিনি দলকে জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
সদ্য সমাপ্ত ইংলিশ লিগ মৌসুমে লিভারপুলকে উপহার দিয়েছেন বহু অরাধ্যের শিরোপা। প্রত্যাশিতভাবেই ইংলিশ ফুটবলের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ক্লপ। এই স্বীকৃতির নাম ‘লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন’ ট্রফি। বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন চেলসিকে এফএ উইমেন্স সুপার লিগ জেতানো ইম্মা হায়েস।
সোমবার রাতে ক্লপকে সেরা কোচ হিসেবে ঘোষণা করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্কটিশ কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি বলেছেন, ‘তিনিই (ক্লপ) এটার সত্যিকারের দাবিদার।‘ ক্লপের আগে সবশেষ লিভারপুল কোচ হিসেবে এই পুরস্কার পেয়েছিলেন ব্রেন্ডন রজার্স (বর্তমানে লেস্টার সিটির প্রধান কোচ)।
সদ্য সমাপ্ত মৌসুমে ৯৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। লিগ রানার্সআপ ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান ১৮ পয়েন্টের। বর্ষসেরা কোচের সাফল্যের কৃতিত্ব ক্লপ তার সহকারীদেরও দিচ্ছেন, ‘এলএমএ এর বর্ষসেরা কোচ হতে পেরে আমি আনন্দিত। স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি জয়ের কৃতিত্ব আমার কোচদেরও। আমার কোচদের কারণেই আমি এখানে আসতে পেরেছি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
