অক্টোবর থেকে ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি

টিকেট কালোবাজারি ঠেকাতে ও যাত্রীর পরিচয় নিশ্চিতে টিকিট কাটায় নতুন নিয়ম চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া টিকেট কেনা যাবে না। ২৭ জুলাই, সোমবার এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে রেল মন্ত্রণালয়।

বিবিসি’র এক প্রতিবেদনে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবীর এ বিষয়ে জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে অক্টোবরের শেষ নাগাদ নতুন এ নিয়ম চালু হবে।

নতুন নিয়মে যাত্রীকে রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। একজন যাত্রী তার রেজিস্ট্রেশন করা আইডি থেকে চারটি টিকেট কাটতে পারবেন।

সচিব মাহবুব কবীর আরো জানান, নতুন ব্যবস্থার একটি নামকরণ করেছে রেলওয়ে- যার নাম ‘টিকিট যার, ভ্রমণ তার।’

তবে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের ক্ষেত্রে কি হবে? এমন প্রশ্নে মাহবুব কবীর বলেন, ‘এখন তো ১৬ বছর বয়সী পর্যন্ত অর্থাৎ ২০০৪ সালে যারা জন্ম গ্রহণ করেছে, তাদের পর্যন্ত তথ্য আছে। ওই বয়স পর্যন্ত জাতীয় পরিচয়পত্র না থাকলেও একটি রেজিস্টার্ড আইডি নম্বর থাকে – সেটি দিয়ে তারা টিকেট কাটতে পারবে।’

কিন্তু ১৬ বছরের কম বয়সীদের ক্ষেত্রে কী হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তবে, যেহেতু ১২ বছর বয়স হলেই রেলের টিকেট কাটা যায়, সেক্ষেত্রে রেলওয়ের পরিকল্পনা হচ্ছে জন্মসনদ দিয়ে টিকেট কাটার ব্যবস্থা করা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.