এইমাত্র পাওয়া

ঢাবি নীল দলের উপাচার্য প্যানেল চূড়ান্ত

আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন হবে। আর এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ পন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের তিন সদস্যের উপাচার্য প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নীল দলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নীল দলের উপাচার্য প্যানেলে মনোনীত তিনজন হলেন- বর্তমান উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ ও শিক্ষক সমিতির সভাপতি এএসএম মাকসুদ কামাল।

জানা যায়, শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য প্যানেলের জন্য পাঁচজনের নাম আসে। তারা হলেন-বর্তমান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল।

কিন্তু প্যানেলে তিনজনের নাম থাকবে বিধায় এই পাঁচজনের মধ্যে ভোটাভুটি হয়। যেখানে অংশ নেন আওয়ামীপন্থি নীল দলের ৩৩ জন শিক্ষক প্রতিনিধি ও ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট। তাদের ভোটে চূড়ান্তভাবে নির্বাচিত হন অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ সামাদ ও অধ্যাপক মাকসুদ কামাল।

আগামীকাল বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্যানেল উত্থাপন করা হবে। সিনেটের ১০৫ জন সদস্য এ প্যানেলের পক্ষে বিপক্ষে মতামত দেবেন। তারপর এটি চূড়ান্ত হয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য অব্দুল হামিদের কাছে পাঠানো হবে। তিনি সেখান থেকে একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেবেন।

উল্লেখ্য, প্রায় ছয় বছর পর প্যানেলের মাধ্যমে নির্বাচিত উপাচার্য পেতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। ২০১৩ সালের ২৪ আগস্ট সিনেটে প্যানেল নির্বাচনের মাধ্যমে আচার্যের মনোনয়নে উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। চার বছর মেয়াদ শেষ হলে ২০১৭ সালে আবারো উপাচার্য প্যানেল নির্বাচনও হয়।

তবে নীল দলের শিক্ষকদের একটি অংশের বিরোধিতা ও উচ্চ আদালতে রিট আবেদনের প্রেক্ষিতে উপাচার্য প্যানেল নির্বাচন উচ্চ আদালতে গড়ায়। শেষ পর্যন্ত বিষয়টি অমীমাংসিত থেকেই বর্তমান উপাচার্য আখতারুজ্জামানকে সাময়িকভাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.