নিজস্ব প্রতিনিধি ।।
রাশিয়ার করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী রুশলান সালিকোভ। ২১ জুলাই, মঙ্গলাবার স্থানীয় সংবাদমাধ্যম আরগুমেন্টি আই ফ্যাক্টিকে এই কথা জানান রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী।
দেশটির সামরিক বিশেষজ্ঞ দল এবং গামালেই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি যৌথ প্রচেষ্টায় এই ভ্যাকসিন তৈরি করে।
এ বিষয়ে রুশলান সালিকোভ জানান, রাশিয়ায় করোনা ভ্যাকসিন স্বেচ্ছায় যারা শরীরে নিয়েছিলেন তাদের সকলকে পরীক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের সবার দেহেই অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং সবাই পুরোপুরি সুস্থ আছে।
এর আগে ৩০ জুন রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় বার্তাসংস্থা তাসকে জানিয়েছিল, করোনার ভ্যাকসিনের অনুমোদনপত্রের জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে সকল প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি পাঠানো হয়েছে।
রাশিয়ায় গত জুন মাসে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পর বারডেনকো সামরিক হাসপাতালে ৪৩ জন এবং শেচেনোভ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৩ জন স্বেচ্ছাসেবকের ওপর ওই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এছাড়াও সামরিক হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগের সব ধাপ সম্পন্ন হয়েছে এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
এদিকে ২০ জুলাই, সোমবার নিজেদের উদ্ভাবিত করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন নিরাপদ ও এটি রোগপ্রতিরোধ ব্যবস্থা বাড়ায় বলে দাবি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এক হাজার ৭৭ জনের ওপর ভ্যকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের পর এই তথ্য জানায় যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়।
ওই ট্রায়ালে দেখা গেছে, এই ভ্যাকসিন অ্যান্টিবডি ও হোয়াইট ব্লাডসেল তৈরিতে সহায়তা করে। যা করোনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম। এই পরীক্ষার ফলাফল খুবই আশাজনক। তবে ভ্যাকসিনটি সুরক্ষা দেয়ার ক্ষেত্রে যথেষ্ট কিনা তা এখনই বলা যাচ্ছে না। এজন্য বৃহত্তর ট্রায়ালের কাজ চলছে। যুক্তরাজ্য ইতোমধ্যে ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে। এই ভ্যাকসিনটি নাম ‘সিএইচএডিওএক্সওয়ান এনকোভিড-১৯’।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
