নিজস্ব প্রতিনিধি ।।
দ্রুতগতিতে এগোচ্ছে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যারহস্যের তদন্ত। বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্বদেরও রেহাই দিচ্ছে না মুম্বাই পুলিশ। এই মামলার সঙ্গে জড়িত সবার বয়ান নিচ্ছে তারা। গেল শনিবার (১৮ জুলাই) যশরাজের ব্যানারের প্রধান, পরিচালক আদিত্য চোপড়ার বয়ান নিয়েছে পুলিশ। এবার জিজ্ঞাসাবাদ করা হবে সালমান খান ও করণ জোহরকে।
শনিবার সকাল ৯টায় অত্যন্ত চুপিসারে বার্সোভা থানায় আদিত্য চোপড়াকে ডেকে পাঠানো হয়। প্রায় চার ঘণ্টা ধরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এই জিজ্ঞাসাবাদে পুলিশ আদিত্যের প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের চুক্তিসংক্রান্ত নানান প্রশ্ন করে। যশরাজের ব্যানারের ‘পানি’ ছবিতে কাজ করার কথা ছিল সুশান্তের। এটির প্রস্তুতির জন্য প্রায় ১১ মাস পরিশ্রম করেছিলেন তিনি। কিন্তু হঠাৎই ছবিটি প্রযোজনার দায়িত্ব থেকে সরে আসে যশরাজ। তাই কাজ শুরু হওয়ার আগেই ছবিটি কফিনবন্দি হয়ে যায়। এই দীর্ঘ সময় একাধিক বড় ব্যানারের ছবি সুশান্তের হাতছাড়া হয়ে যায়। এই কারণে তিনি নাকি মানসিক অবসাদে চলে গিয়েছিলেন।
জানা গেছে, আদিত্য চোপড়ার মতো সালমান খানকে পুলিশ থানায় ডেকে পাঠাবে না। বলিউড সুপারস্টারের ফার্ম হাউসে গিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জোর গুঞ্জন। একইভাবে করণ জোহরেরও বয়ান নেবে তদন্তকারীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
