মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে সংক্রমণ ঠেকাতে দেশের সকল নাগরিকদের সব স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করলো সরকার। ২১ জুলাই, মঙ্গলবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেয়া হয়।

ওই পরিপত্রে বলা হয়, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতারা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন। আর সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করবেন।

দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রে আগত সেবা গ্রহীতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়াও সকল শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গীর্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটি এই বিষয়টি নিশ্চিত করবেন।

সকল শপিংমল, বিপণিবিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়াও দেশের সকল হাট-বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরিধান ব্যতীত ক্রেতা-বিক্রেতারা কোনো পণ্য ক্রয়-বিক্রয় করবে না। স্থানীয় প্রশাসন ও হাট-বাজার কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।

গণপরিবহনের (সড়ক, নৌ, রেল ও আকাশপথ) চালক, চালকের সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। গণপরিবহনে ওঠার আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করবেন।

গার্মেন্টস ফ্যাক্টরিসহ সব শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকরা বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়াও হকার, রিকশা ও ভ্যানচালকসহ সব পথচারীর মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টি নিশ্চিত করবেন।

হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মালিক সমিতি নিশ্চিত করবে। এছাড়াও সকল প্রকার সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মাস্ক পরিধান করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন।

এর বাহিরেও বাড়িতে করোনা উপসর্গসহ কোনো রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যদের মাস্ক পরিধান করতে হবে। বাংলাদেশে বসবাসরত সকলের জন্য এই নির্দেশনা প্রযোজ্য বলেও ওই পরিপত্রে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ২৭০৯ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩০৫৭ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ২ লাখ ১০ হাজার ৫১০ জন। আজ সুস্থ হয়েছে ১৮৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন।

২১ জুলাই, মঙ্গবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.