লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থা পেলো কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি মাহফুজ কিশোর ।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থা চালু করা হয়েছে। সর্বমোট ২১টি শীতাতপ নিয়ন্ত্রক সংযোজনের মধ্য দিয়ে সমগ্র লাইব্রেরি এর আওতাধীন করা হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল দশটায় কেন্দ্রীয় লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রক ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

উদ্বোধনকালে স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘প্রাচীনকালে এ অঞ্চলে মনীষীরা থাকতেন, এখানেই তারা ধ্যানে বিশ্বমানবের কল্যাণের কথা ভাবতেন। এমন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে তোমরাও বিশ্বমানের হয়ে উঠবে।’

শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে গিয়ে উপাচার্য আরও বলেন, ‘ছাত্রজীবনে যে বিনিয়োগ করবে পরবর্তী সময়ে সে তা উপভোগ করবে, যে এখন উপভোগ করবে সে পরবর্তী সময়ে হয়তো উপভোগ করার আর সুযোগ পাবে না। জ্ঞান আহরণে সময় বিনিয়োগ কর।’

লাইব্রেরির সময় বৃদ্ধির প্রসঙ্গে এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে উপাচার্য লাইব্রেরি চালু রাখার শেষসময় বিকেল ৫টার পরিবর্তে রাত ৮ টা পর্যন্ত করার নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড.মোঃ আবু তাহের, কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ.কে.এম রায়হান উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞাসহ লাইব্রেরির দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.