সফিউল্লাহ লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাদিগড় গ্রামে লেবু ও মাল্টা চাষে বিপ্লব ঘটিয়েছেন মাজহারুল ইসলাম শামীম ও তার বন্ধুরা ।
মাজহারুল ইসলাম শামীম পেশায় একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বন্ধুদের নিয়ে নিজ গ্রাম ভালুকা উপজেলার কাদিগড়ে ২০১৮ খৃষ্টাব্দে ৮ একর জমিতে মাল্টা ও লেবু চাষ শুরু করেন। বর্তমানে তাদের ১৫ একর জমিতে ‘প্রয়াস এগ্রো’,’বারাকাহ এগ্রো’, ও ‘মেম্বার এগ্রো অ্যান্ড নার্সারী’নামে ৩টি মাল্টা ও লেবুর বাগান রয়েছে।
৮ একর জমিতে বারি -১ জাতের মাল্টা ও ৭ একর জমিতে সিডলেস জাতের লেবু চাষ করছেন। শামীম জানান ২০১৯ সালে ১৭০০ টি মাল্টা গাছ থেকে ২.৫ টন,২০২০ সালে ২৫৫০টি মাল্টা গাছে থেকে ১৮-২০ টন মাল্টা উত্তোলন করেছেন। এছাড়া ২০১৯ সালে ৫৫০০ টি গাছের লেবু বিক্রি করেছেন ১০-১২ লাখ টাকা। ২০২০ সালে এ পর্যন্ত তারা ৯০০০টি গাছ থেকে ১৫-১৭ লাখ টাকার লেবু বিক্রি করেছেন। মাল্টা ও লেবু চাষের পাশাপাশি মাল্টা ও লেবুর চারা বিক্রি করে অনেক টাকা আয় করছেন।মাল্টা সেপ্টেম্বর মাসে স্থানীয় বাজার ও ঢাকায় বিক্রি করা হয় এছাড়া সিডলেস লেবু সারা বছর বিক্রি হয়।
গাছে গাছে ঝুলছে থোকা থোকা সিডলেস লেবু ও বারি-১ জাতের মাল্টা। চারদিকে সবুজের সমারোহ। কাদিগড় গ্রাম যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে রূপ নিয়েছে।
এ অঞ্চলের মাটি মাল্টা ও লেবু চাষের জন্য বেশ উপযোগী। ইঞ্জিনিয়ার শামীম ও তার বন্ধুদের বাগান দেখে অনেকেই মাল্টা ও লেবু চাষে উৎসাহী হচ্ছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
