ফোনে কল করলেই পাওয়া যাবে বিনামূল্যের অক্সিজেন সেবা

অনলাইন ডেস্ক।।

করোনা ভাইরাস পরিস্থিতির সঙ্কটে বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দেওয়ার মতো অবিনব উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। এই সঙ্কটের মুহূর্তে মধ্যে অক্সিজেন এবং অক্সিজেনের সিলিন্ডার যেন এখনকার সময়ের সবচাইতে প্রয়োজনীয় বস্তু। এ কথা মাথায় রেখেই তিনি ‘জয় বাংলা অক্সিজেন সেবা’ নামে এই উদ্যোগ নেন। আর সেবা পেতে প্রয়োজন শুধুমাত্র একটি ফোন কল। এই কলেই তাদের কাছে পৌঁছে যাবে অক্সিজেন সেবা।

সাদ বিন কাদের চৌধুরীর এই উদ্যোগে তাকে সহযোগীতা করছেন ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ।

ব্যক্তিগত উদ্যোগ, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে ১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কার্যক্রম শুরু করেন তারা। এই সেবামূলক কাজে কোনো ফি কিংবা জামানত নেওয়া হবে না। তবে এই সেবা পেতে হলে চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সেবা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে সিলিন্ডার ফেরত দিতে হবে।

সাদ বিন কাদের চৌধুরী বলেন, শুধু করোনাভাইরাস আক্রান্ত রোগীই নন, অন্যান্য রোগীর জন্যও অক্সিজেনের প্রয়োজন হলে তারাও বিনামূল্যে এই সেবা পাবেন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ফুসফুস আক্রান্ত হয় বলে অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দেয়। ফলে সাম্প্রতিক সময়ে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়ে গেছে। আমরা বেশ কয়েকজন রোগীকে এ সেবা দিয়েছি। এ সময় তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এই সেবার কার্যক্রম সম্পর্কে সাবেক এএই ডাকসু নেতা বলেন, দাম বেশি হওয়ায় অনেকে তাৎক্ষণিকভাবে অক্সিজেনের ব্যবস্থা করতে পারছেন না। তাই প্রাথমিক সাপোর্টের জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এ সময় এই সেবার সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, আমরা কেবল জরুরি প্রয়োজনে এটা দিতে চাই।রোগীদের জরুরি প্রয়োজনে দেওয়া এই অক্সিজেন সিলিন্ডারটি সর্বোচ্চ একদিন রাখা যাবে। এর মধ্যে অন্য কোথাও থেকে সিলিন্ডারের ব্যবস্থা করতে রোগীদের অনুরোধ করবেন তারা।

রাজধানীর যে কোনো এলাকা থেকে ০১৬২৩০০০১০০, ০১৬৭৭১২৫৭৫৮, ০১৭২৫৩৪৩০৩৮ নম্বরে ফোন করলে তাৎক্ষণিকভাবে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.