মাননীয় শিক্ষামন্ত্রী জানেন কি?

মো. মঈনুদ্দিন চৌধুরী
এমপিও নীতিমালা-২০১০ এ এমপিওভুক্ত বেসরকারি ডিগ্রি কলেজ শিক্ষকদের সহকারী অধ্যাপক (৩:১ অনুপাতে) থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির বিধান ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এমপিও নীতিমালা-২০১৮ তে তা বাতিল করে দেয়া হয়েছে।

কারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকবিরোধী পক্ষ হিসেবে এরূপ গর্হিত কাজ করেছে, আমরা শিক্ষক সমাজ বিনয়ের সঙ্গে তা জানতে চাই। সঙ্গে সঙ্গে আরও বলতে চাই, জাতীয় শিক্ষানীতি-২০১০ এ উল্লেখ আছে, এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদ পর্যন্ত বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে পদোন্নতি পাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতিতে মানদণ্ডের কথা বলা হয়েছে, অভিশপ্ত অনুপাত প্রথার কথা বলা হয়নি। তাছাড়া একটি স্বাধীন দেশের শিক্ষকদের জন্য কেন এ অভিশপ্ত প্রথা থাকবে, যেখানে জাতীয় শিক্ষানীতি মহান জাতীয় সংসদে সর্বসম্মতভাবে পাস হয়েছে; সেখানে বেসরকারি শিক্ষকদের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী নীতিমালা গোপনে প্রণয়ন করে যারা সরকারকে বিপদে ফেলছে, তারা কি জাতীয় সংসদের জনপ্রতিনিধি ও জাতীয় শিক্ষানীতির অসম্মান করছেন না?

আর এ কর্মগুলো কি গণবিরোধী ও সরকারবিরোধী কাজ নয়? প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি ও উন্নয়ন (promotion and development) প্রক্রিয়া সুর্নিদিষ্ট করা রয়েছে। তাহলে স্বাধীন দেশের নাগরিক হয়েও আমাদের প্রতি ঔপনিবেশিক ব্রিটিশ ও পাকিস্তানি সাম্রাজ্যবাদীদের মতো আচরণ করা হচ্ছে কেন?

মাননীয় শিক্ষামন্ত্রী, আমি জানি না, আমার এ অশ্রুভেজা আবেদন আপনার কাছে কেউ পৌঁছাবে কিনা! আমাদের শিক্ষক নেতাদের এত সময় নেই; কারণ, তারা দেশের অন্যান্য সমস্যা নিয়ে সরকারকে সময় দিতে ব্যস্ত। তারা সরকারি শিক্ষকদের মতো সহকর্মীদের সমস্যায় ততটা উদগ্রীব নয়।

সুতরাং, তাদের আর বিরক্ত করতে চাই না। মাননীয় শিক্ষামন্ত্রী, অনেক কথা লিখলাম। কিছু মনে করবেন না। আবারও বলছি, আমাদের শিক্ষক নেতাদের সময় নেই; তাই তাদের কিছু জিজ্ঞেস করে কষ্ট দেবেন না। আল্লাহ আপনার মঙ্গল করুন।

সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, শংকুচাইল ডিগ্রি কলেজ, বুড়িচং, কুমিল্লা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading