দেশে চলমান করোনা মহামারীর মধ্যেও আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর উত্তরায় ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদনের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৬।
জানা গেছে, ২৩টি শর্তে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বলা হয়েছে, কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব অথবা ভাড়া করা ভবন থাকতে হবে। কমপক্ষে তিনটি অনুষদ এবং প্রত্যেকটির অধীনে ছয়টি বিভাগ, প্রয়োজনীয় শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাব, কমনরুম, সেমিনারসহ পর্যাপ্ত অবকাঠামো থাকতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন নিতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সূত্রে জানা যায়, ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ অনুমোদনের জন্য আবেদন করে ২০১৪ সালে। ওই সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বিষয়ে কাগজপত্র যাচাই ও মতামত প্রদানের জন্য ইউজিসিকে চিঠি দেয়া হয়। আর আবেদনের প্রায় ছয় বছর পর সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী গত সপ্তাহে নতুন এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হলো।
এ প্রসঙ্গে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম বলেন, গত ১৬ জুন ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ সাময়িকভাবে স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। অনুমোদনপত্রে মন্ত্রণালয় থেকে ২৩টি শর্ত জুড়ে দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী সবগুলো শর্ত প্রতিপালনের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনতে অবগত করবে বিশ্ববিদ্যালয়। এরপর কমিশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করা হবে। পরিদর্শনে উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখাসহ সব শর্তের সন্তোষজনক পরিস্থিতি থাকলে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়া হবে।
‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠাতা ড. রফিকুল ইসলাম শরীফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। তিনি বর্তমানে রাজধানীর ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের উপাচার্যের দায়িত্ব পালন করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
