সজল আহমেদ।।
আজ রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবেন।শিক্ষামন্ত্রী দীপু মনি সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার ফল জানা যাবে না। সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রতিষ্ঠানের অফিসও আজকে বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রতিবছর এসএসসির ফল প্রকাশের এক সপ্তাহ পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি কার্যক্রম শুরু হয়। কিন্তু এই বছর সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে ভর্তি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হবে না।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ভর্তি প্রক্রিয়ার সঙ্গে অনেক কাজ জড়িত। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কার্যক্রম আছে। ভর্তি শুরু হলে শিক্ষার্থীদের কাজে বাইরে বের হতে হবে। বিশেষ করে সংশ্লিষ্ট কলেজ বা মাদ্রাসায় এবং অনেক শিক্ষার্থীকে দোকানে আবেদন ফরম পূরণ করতে যেতে হবে। আবার ভর্তির ফল প্রকাশের পর বোর্ডে দৈনিক ৪-৫ হাজার শিক্ষার্থীর আসা-যাওয়ার ঘটনা ঘটেছে অতীতে। এতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়তে পারে। সবকিছু বিবেচনায় নিয়ে ভর্তির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা আছে। এর আগেই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।
চলতি বছরের ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা চলে।এবার নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। বিদেশে আটটি কেন্দ্রে পরীক্ষা দেয় ৩৪২ জন।
সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন। তাদের মধ্যে ছাত্রী ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ জন ছাত্রী বেশি।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। তাদের মধ্যে ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ছাত্রী বেশি ১২ হাজার ৯৭৮ জন।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
করোনা পরিস্থিতির কারণে এবার তিন উপায়ে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। এসএমএস, প্রি-রেজিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
