অনলাইন ক্লাসে যাচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময় দেশের বেসরকারি বিশ্ববিদালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখনই অনলাইনে ক্লাসে যাচ্ছে না। বিচ্ছিন্ন কেউ কেউ ছাড়া বাকিরা বলছে, বিদ্যমান পরিস্থিতিতে এখন অনলাইনে ক্লাসের পরিবেশ ও প্রস্তুতি, কোনোটাই তাদের নেই।

এ অবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক মাসের সেশনজট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়গুলো বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধের ক্ষতি পোষাতে সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি কমিয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে।

বর্তমানে সারা দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে অবশ্য চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় সোয়া আট লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অন্য শিক্ষার্থীদের মতো এই শিক্ষার্থীরাও ক্ষতির মুখে পড়েছেন। এর মধ্যে গত ৩০ এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। প্রাথমিক ও মাধ্যমিকে সংসদ টিভিতে ক্লাস হচ্ছে। কলেজেও বিচ্ছিন্নভাবে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।

তবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তারা এখন অনলাইনে ক্লাসে যাচ্ছে না। কারণ, হিসেবে তারা বলছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য শিক্ষার্থী পড়ছেন। তাঁদের অনেকের যেমন অনলাইনে ক্লাস করার মতো সুযোগ নেই, আবার বিদ্যমান পরিস্থিতিতে সম্ভবও নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে গত সোমবার অনলাইনে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ডিনদের এক সভা অনুষ্ঠিত হয়। তাতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই দেশের বিভিন্ন অঞ্চলে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এবং ইন্টারনেটসহ প্রযুক্তিগত অন্যান্য সুযোগ-সুবিধা না থাকায় অনলাইন ক্লাসে তাঁদের অংশগ্রহণের সক্ষমতা নেই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.