নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দেশে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সককিছু। এর প্রভাব পড়েছে দেশের সব খাতে। শিক্ষার্থীদের জন্য আগামী শিক্ষাবর্ষের (২০২১) পাঠ্যবই ছাপার কাজও স্থগিত করে দিয়েছে এই করোনাভাইরাস। বই মুদ্রণের দরপত্র আহ্বান, কাগজ কেনাসহ সব কাজই আটকে গেছে বর্তমান পরিস্থিতিতে। পিছিয়ে দেয়া হয়েছে প্রাথমিক স্তরের পাঠ্যবই মুদ্রণের দরপত্র প্রক্রিয়া। কাগজ কেনার দরপত্র এরই মধ্যে পেছানো হয়েছে চার দফায়। বছরের চার মাস কেটে গেলেও পাঠ্যবই মুদ্রণের প্রাথমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় যথাসময়ে ৩৫ কোটি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে বাধ্য হয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সব দরপত্র প্রক্রিয়া ঈদুল ফিতরের পরে সম্পন্ন করার কথা ভাবছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সারাদেশের প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ৩৫ কোটি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নিয়েছে এনসিটিবি। তবে মুদ্রণের দরপত্র প্রক্রিয়া শুরুর আগেই দেশজুড়ে করোনা সংক্রমণের কারণে অন্যসব সরকারি প্রতিষ্ঠানের মতোই এনসিটিবিও ২৬ মার্চ থেকে বন্ধ। এতে পিছিয়ে গেছে ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণের সব কার্যক্রম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
