নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কারিগরি ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উৎসব বোনাসের অর্থ অনুমোদন দিয়েছে সরকার। এ বাবদ দুই স্তরে মোট ৮৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ১৪৭ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা।
বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে আলাদা দুই অধিদফতরে অর্থ ছাড়ের অনুমোদন পাঠানো হয়েছে। দ্রুত বোনাসের অর্থ নির্ধারিত কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে ব্যাংকে জমা দিতেও নির্দেশনা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দেখা গেছে, সারা দেশের এমপিওভুক্ত ৭ হাজার ৬২১টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ১৯ হাজার ৭৬৮ জন শিক্ষক ও ২৬ হাজার ১৫১ জন কর্মচারী রয়েছেন। এসব শিক্ষক-কর্মচারীরে জন্য ২০২০ সালের ঈদুল ফিতরের বোনাস বাবদ মোট ৭২ কোট ১৩ লাখ ৪ হাজার ২৪৮ টাকা অনুমোদন দেয়া হয়েছে।
অন্যদিকে, বেসরকারি কারিগরি ভোকেশনাল ও বিএম স্তরের শিক্ষক-কর্মচারীদের জন্য ১০ কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৯২৬ টাকা এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস প্রদানে ৯৬ হাজার টাকা অনুমোদন দেয়া হয়েছে। এসব অর্থ অগ্রণী, জনতা রূপালী ও সোনালী ব্যাংকে জমা দেয়া হবে।
জানা গেছে, এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষকদের ঈদুল ফিতরের উৎসব ভাতা দিতে দুই অধিদফতর থেকে আলাদাভাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগে প্রস্তাব পাঠানো হয়। সে প্রস্তাবের প্রেক্ষিতে অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে অধিদফতর থেকে বোনাসের চেক ব্যাংকগুলো ব্যাংকে পাঠানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন বলেন, ‘কারিগরি ও মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের অর্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে অনুমোদন দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অনুমোদন হওয়া অর্থ নির্ধারিত ব্যাংকে জামা দিতে কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদরাসা অধিদফতরে নির্দেশনা পাঠানো হয়েছে।’ এ অর্থ ব্যাংকে জমা দিয়ে আলাদা দুই অধিদফতরের ওয়েবসাইটে শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস উত্তোলনে নির্দেশনা জারি করা হবে বলেও জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
