করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বাংলাদেশে ভ্রমণে এসে আটকা পড়া যুক্তরাজ্যের আরও ২১৫ জন নাগরিক বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এদের সঙ্গে নয়জন শিশু রয়েছে। এ নিয়ে যুক্তরাজ্যের নাগরিকদের ছয়টি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে।
শুক্রবার ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন।
দূতাবাসের এই কর্মকর্তা জানান, আজকের ফ্লাইটে নয় শিশুসহ যুক্তরাজ্যের ২১৫ জন নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।
এর আগে যুক্তরাজ্যের এসব নাগরিকদের সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরিয়ে আনা হয়।
যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশে ফেরাতে আজকের পর আরও তিনটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটগুলো যথাক্রমে ৩, ৫ এবং ৭ মে ঢাকা ছেড়ে যাবে।
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে যুক্তরাজ্য এখন পর্যন্ত তাদের নাগরিকদের পাঁচটি দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এ পর্যন্ত মোট পাঁচটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের ৯৯০ জন নাগরিক দেশে ফিরে গেছেন। আজ যাচ্ছেন আরও ২১৫জন।
গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। ২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। এরপর গত ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিককে দেশে ফিরে যান।
গত ২৬ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৬৮ নাগরিক দেশে ফিরে যান। সর্বশেষ ২৯ এপ্রিল বিশেষ ফ্লাইটে ২১০ ব্রিটিশ নাগরিক দেশে ফিরে যান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
