জেএসসি পরীক্ষার প্রস্তুতি-বাংলা

মহেশ। দরিদ্র বর্গাচাষি গফুরের অতি আদরের একমাত্র ষাঁড়। কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিকমত খড়-বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই। কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে- মহেশ, তুই আমার ছেলে। তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি নে, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুজে থাকে।
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন? ১
খ. অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? ২
গ. উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন- ‘অতিথির স্মৃতি’ গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার কর। ৪

                                                                          ১ এর ক নং প্র. উ.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য।

                                                                           ১ এর খ নং প্র. উ.
সামান্য পরিচয়ের সংকোচ কাটাতে পারেনি বলেই অতিথি ভেতরে ঢোকার ভরসা করতে পারে নি।
 দেওঘরে পথ চলতে গিয়ে লেখকের পরিচয় ঘটেছিল একটি কুকুরের সঙ্গে। কুকুরটির সঙ্গে লেখক পথিমধ্যে অনেক কথা বলেন এবং সেও লেজ নেড়ে লেখকের কথার জবাব দিয়েছে। লেখকের অনুরোধে অন্ধকার পথটায় লেখককে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেও এগিয়ে এলো সে। কিন্তু লেখক বাড়ির গেট খুলে ভেতরে ডাকলে কুকুরটি সাড়া না দিয়ে দাঁড়িয়ে থাকে। প্রথম পরিচয়ের ভয়, দ্বিধা আর সংকোচের কারণেই অতিথি কুকুরটি ভেতরে ঢোকার ভরসা পায় নি।

                                                                           ১ এর গ নং প্র. উ.
উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে ‘অতিথির স্মৃতি’ গল্পের জীবপ্রেমের দিকটি ফুটে উঠেছে।
 ‘অতিথির স্মৃতি’ গল্পে মানবেতর একটি প্রাণী কুকুরের সঙ্গে অসুস্থ একজন মানুষের কয়েকদিনের পরিচয়ের মাধ্যমে গড়ে ওঠা মমতার সম্পর্কটি খুবই হৃদয়স্পর্শী। লেখক দেখিয়েছেন, মানুষে-মানুষে যেমন স্নেহ-প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। কিন্তু নানা প্রতিক‚ল কারণে সেই সম্পর্ক স্থায়ীরূপে পেতে বাধাগ্রস্ত হতে পারে। এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি হয়ে ওঠে মমতায় সিক্ত।

 উদ্দীপকে মহেশের প্রতি গফুরের সন্তানতুল্য  পরিলক্ষিত হয়। নিজে না খেয়ে গফুরের কষ্ট না হলেও, সহ্য করতে পারে না সে মহেশের অনাহার। মহেশকে সে প্রচণ্ড ভালোবাসে এবং তার প্রত্যুত্তরে মহেশ আরামে চোখ বুজে থাকে। গল্পের বর্ণনায় লেখকের সে ভালোবাসা প্রকাশ পায় একটু অন্যভাবে- কয়েকদিনের পরিচয়টিকে আরো দিন দুই প্রলম্বিত করার মাধ্যমে। গল্প এবং উদ্দীপকে প্রধান হয়ে উঠেছে মূলত জীবপ্রেমের অমেয় মানবীয় দিকটিই। বলা যায়, গল্পের লেখক এবং উদ্দীপকের গফুর উভয়েই জীবপ্রেমের সরল উদাহরণ।

                                                                     ১ এর ঘ নং প্র. উ.
জীবপ্রেমের অসামান্য দৃষ্টান্তে উদ্দীপকের গফুর এবং ‘অতিথির স্মৃতি’র লেখকের মিল থাকলেও গল্প আর উদ্দীপকের প্রেক্ষাপট ভিন্ন।

 ‘অতিথির স্মৃতি’ গল্পের শুরুতেই গল্পকথকের অসুস্থতা এবং ডাক্তারের পরামর্শে হাওয়া বদলের জন্য দেওঘরে যাওয়ার কথা জানা যায়। দেওঘরে অবস্থানের কয়েকদিনে লেখকের পিছু নেওয়া একটি কুকুরের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সামান্য কুকুর হয়েও লেখকের কাছে সে যে ভরসা ও শান্তি খুঁজে পেয়েছিল, তারই টানে বারবার সে দেওঘরে লেখকের থাকার জায়গাটির চারপাশে আসা-যাওয়া করতে থাকে। লেখকও অবচেতনেই তার প্রতি নিবিড় মমতা অনুভব করতে থাকেন এবং ফিরে যাওয়ার সময় এলেও নানা অজুহাত দেখিয়ে আরো দুই দিন কুকুরটির সান্নিধ্যে কাটান। স্টেশনে লেখককে বিদায় জানাতে পর্যন্ত কুকুরটি উপস্থিত হয়।

 উদ্দীপকের মহেশের জন্য গফুরের একই রকম আত্মিকতা লক্ষ করা যায়। দরিদ্র গফুর নিজে খেতে না পেলেও মহেশের খাবার জোগান দিতে ব্যতিব্যস্ত। মহেশ তার সন্তানের মতো। সন্তানের সঙ্গে যেমন সুখ-দুঃখের কথামালা রচনা করেন তার জনক, গফুরও কথা বলে মহেশের সঙ্গে। পরম নির্ভরতা আর ভরসা পেয়ে মহেশ তাই চোখ বুজে থাকে নিশ্চিন্তে। বলা যায়, গফুরের আদরের ষাঁড় মহেশের সঙ্গে তার সম্পর্কটি মানবীয় সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, হৃদয় উৎসারিত জীবপ্রেমের প্রসঙ্গটি গল্পে উপস্থাপিত হয়েছে স্মৃতিকথন হিসেবে। আর উদ্দীপকে এসেছে সরাসরি বর্ণনায়। অর্থনৈতিক দিক থেকেও উদ্দীপক ও গল্পের প্রেক্ষাপটে বৈসাদৃশ্য রয়েছে। তাই বলা চলে যে, গল্প আর উদ্দীপক একই চেতনাজাত; কেবল প্রেক্ষাপট ভিন্ন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.