ঢাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর হচ্ছে পুলিশ

নিউজ ডেস্ক ।।ঢাকা মহানগরীতে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিত করতে আজ শনিবার থেকে পুলিশকে আরও কঠোর হতে দেখা যাবে। ঢাকা মহানগর পুলিশ সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে করোনাভাইরাস মোকাবিলায় করণীয় নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়। বৈঠকে আজ থেকে ঢাকা মহানগরে সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ আরও কঠোর ভূমিকা পালন করবে বলে সিদ্ধান্ত হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে (ঢা. ম. উ. ৬৪টি ও ঢা.ম. দ. ৭৫টি) ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।

প্রায় দেড় ঘণ্টার বৈঠকে আরও অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ নেতৃবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.